ছাতকের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

ছাতক প্রতিনিধি
ছাতকে নানা কর্মসূচিতে দিনব্যাপি ব্যস্ত সময় কাটালেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। সোমবার তিনি বিভিন্ন স্কুল, ইউনিয়ন পরিষদ কার্যালয়, ইউনিয়ন ভূমি অফিস, পৌরসভা ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করেন।
এ ছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক লোকালাইজেশন কর্মশালায় এবং ছাতক বহুমুখী মডেল হাইস্কুলে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,‘জাতিসংঘের টেকসই উন্নয়নের ১৭টি লক্ষ্যমাত্রা নিয়ে দেশ ব্যাপি উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয় সরকারের মাধ্যমে এসব কার্যক্রম বাস্তবায়নে প্রশিক্ষণসহ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এতে  বেকারত্ব, ক্ষুধা-দারিদ্রাতা, শিশু ও মাতৃমৃত্যুর হার ও বাল্য বিবাহ রোধ করা সম্ভব। কৃষি, শিক্ষা, জনস্বাস্থ্য, পুষ্টিসহ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের মাধ্যমে।’তিনি প্রশিক্ষিত ও প্রশিক্ষণ গ্রহণ করে যুবসমাজকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত লোকালাইজেশন কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খান ছানা, সহকারী কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমান, প্রশিক্ষক জেলা ফেসিলিটেটর জিল্লুর রহমান, প্রশিক্ষক উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান শায়েস্তা মিয়া, সাহাব উদ্দিন সাহেল।
এসময় উপজেলা স্বাস্থ্য ও প.প. ডা. অভিজিৎ শর্ম্মা, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মুর্শেদ উদ্দিন আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, সমাজসেবা কর্মকর্তা অসিম সরকার, প.প. কর্মকর্তা রাজিব মোস্তফা, জনস্বাস্থ্য প্রকৌশলী সৈকত রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা ইয়াসমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশারফ হোসেন, পল্লী উন্নয়ন সঞ্চয়ী ব্যাংক ব্যবস্থাপক বকুল দেবনাথ, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার কালীপদ দাস, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, আব্দুল মছব্বির, আব্দুল হেকিম, বিল্লাল আহমদ, দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, মুরাদ হোসেন, আবুল হাসনাত, সাইফুল ইসলাম, ইমাম মাও. নুরুল হক, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, তাসলিমা জান্নাত কাকলীসহ কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালা শেষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ১৬ জন প্রশিক্ষিত মহিলাকে একটি করে সেলাই মেশিন ও ৪জন যুবককে ১০ হাজার টাকা করে ঋণের চেক প্রদান করেন জেলা প্রশাসক।
এর আগে তিনি জগঝাপ ভুমি অফিস, জাউয়া ও দক্ষিণ খুরমা ইউনিয়ন অফিস, চেচান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিকেলে ছাতক পৌরসভা ও সহকারী কমিশনার (ভূমি) অফিস পরিদর্শন করেন। সন্ধ্যায় জেলা প্রশাসক লাফার্জ সুরমা সিমেন্ট কারখানা পরিদর্শন করেছেন।