ছাতক প্রতিনিধি
ছাতকে কালোবাজারে বিক্রির সময় সরকারের খাদ্য বান্ধব কর্মসুচির ১০ টাকা কেজির সাড়ে ৭ বস্তা চালসহ নৌকা আটক করেছে এলাকাবাসী। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে এসব চাল আটক করা হয়।
স্থানীয়রা জানান, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের নিয়োগপ্রাপ্ত ডিলার মাষ্টার আতাউল গনির চাল বিক্রির নির্ধারিত স্থান বাংলাবাজারে একটি গোদামে রাখা হয়। এই গুদামে এর আগের বিক্রির জন্য আরো ১০০ বস্তা চাল মজুদ রাখা ছিল। এ গুদাম থেকে বাংলাবাজার সংলগ্ন বটেরখাল নদী পথে ইঞ্জিন নৌকা দিয়ে গত কয়েক দিন ধরে চাল পাচার ও অন্যত্র বিক্রি করা হচ্ছিল। মঙ্গলবার রাত ১টায় প্রতিদিনের ন্যায় গোদাম থেকে চালের বস্তা নৌকায় উঠাতে থাকলে স্থানীয় এক ইউপির সদস্যের নেতৃত্বে স্থানীয় লোকজন মালামালসহ নৌকাটি আটক করেন। এসময় নৌকায় থাকা সরকারের খাদ্য বান্ধব কর্মসুচির ১০টাকা কেজির সাড়ে ৭বস্তা চাল ও নৌকা পাহারা দেন লাকাবাসী।
সকালে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে খাদ্য নিয়ন্ত্রক শাহাব উদ্দিন, থানা পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে গুদাম তল্লাশী করে গুদামে সাড়ে ৩৩ বস্তা চাল পাওয়া যায়। এসব চাল বানারসীপুর গ্রামের ছাদ মিয়ার জিম্মায় রেখে আসেন কর্তৃপক্ষ।
উপ-সহকারি কৃষি অফিসার ও ইউনিয়নে সুপারভাইজার জহুর আলী জানান, গত কিস্তির ৩০০ বস্তার মধ্যে ২০০ বস্তা চাল বিতরণ করা হয়েছে। কিন্তু পরবর্তী চাল উত্তোলনের ব্যাপারে তার সাথে কোন যোগাযোগ করা হয়নি। আগের ১০০ বস্তা চাল গুদামে মজুদ ছিল বলে তিনি দাবি করেন। এর আগে দুর্নীতির দায়ে সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তির ডিলারশীপ বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ জানান, বটেরখাল দিয়ে রাতে নৌকা যোগে সাড়ে ৭বস্তা চাল পাচারের সময় মেম্বার ও এলাকাবাসী নৌকাসহ চালের বস্তা আটক করেন।
ডিলার মাষ্টার আতাউল গনি ঘটনার সত্যতা স্বীকার করেন। উপজেলা নির্বার্হী অফিসার আরিফুজ্জামান জানান, রাতেই ঘটনার কথা বলা হলে পাহারার ব্যবস্থা করে দিনে ফুড অফিসারসহ তিনি পুলিশ পাঠিয়ে দেন। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


