ছাতকে রাস্তার মালিকানা নিয়ে প্রতিক্ষের হামলার ঘটনায় থানায় অভিযোগ

ছাতক প্রতিনিধি
ছাতকে বাড়িয়ান রাস্তার মালিকানা নিয়ে প্রতিপক্ষের হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার দক্ষিন খুরমা ইউনিয়নের হলদিউড়া গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র সাংবাদিক নুর উদ্দিন বাদী হয়ে একই গ্রামের লাল মিয়া, আনিছ আলী, লিটন মিয়া, কবির আহমদ, সুন্দর আলী, সাইকুল ইসলাম, ইন্তাজ আলী, সাদেক মিয়া ও জুবায়েরের বিরুদ্ধে ছাতক থানায় এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়, বাড়িয়ান রাস্তার মালিকানা নিয়ে নুর উদ্দিন ও একই গ্রামের মৃত মাফিজ আলীর পুত্র আনিছ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে নুর উদ্দিন পক্ষের দায়েরী মামলা আদালতে বিচারাধীন অবস্থায়ও রয়েছে। সোমবার বিকেলে বাজার থেকে বাড়ি ফেরার পথে নুর উদ্দিনের উপর আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। এসময় নুর উদ্দিনকে রক্ষা করতে এসে তার স্বজনরাও হামলার শিকার হয়। হামলায় আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।