ছাতকে হামলার ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে থানায় মামলা

ছাতক প্রতিনিধি
ছাতকে মুক্তিযোদ্ধার কন্যা ও ভাই’র উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার মুক্তিযোদ্ধা জবান আলী বাদী হয়ে একই গ্রামের শিপন মিয়া, মহি উদ্দিন, শফিক মিয়াসহ ১৭ জনের বিরুদ্ধে ছাতক থানায় এ মামলা(নং-০২) করেন। ঘটনার এক সপ্তাহ পর দায়েরী অভিযোগটি থানায় এফআইআরভূক্ত করা হয়। অভিযোগ থেকে জানা যায়, জমিতে পানি নিষ্কাশনকে কেন্দ্র করে মকরম আলীর সাথে ডাকাতি মামলার আসামী শিপন মিয়া পক্ষের বিরোধ চলে আসছিল।  গত ৬ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় মকরম আলী রামপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে তার উপর হামলা চালায়। এক পর্যায়ে আত্মরক্ষায় মকরম আলী পানিতে ঝাঁপ দিয়েও হামলাকারীদের হাত থেকে রক্ষা পায়নি। তাকে পানিতে ফেলে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে হামলাকারীরা। খবর পেয়ে মকরমের ভাতিজি চাচাকে রক্ষার জন্য এগিয়ে এলে হামলাকারীরা তাকেও এলোপাতাড়ি পিটিয়ে আহত করে ও তার শ্লীলতাহানী ঘটায়। এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে মকরম আলীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এসময় হামলাকারী শফিক মিয়া মকরম আলীর কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়। মামলার প্রধান আসামী শিপন মিয়ার বিরুদ্ধে ডাকাতি-ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। বাদী মুক্তিযোদ্ধা জবান আলী জানান, আসামীদের অনেকেই জামাত-বিএনপির রাজনীতির সাথে জড়িত। তারা মামলা তুলে না নিলে খুন ও গুম করার হুমকি দিয়ে আসছে। তিনি আসামীদের ভয়ে নিরাপত্তহীনতায় ভোগছেন বলে জানান। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল জানান, আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা করা হচ্ছে।