ছাতক উপজেলাকে স্কাউট উপজেলা ঘোষণা

স্টাফ রিপোর্টার
১৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার হাজার স্কাউটার নিয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলাকে স্কাউট উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমুনারা খানুম ছাতক উপজেলাকে স্কাউট উপজেলা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেন।
স্কাউট উপজেলা ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমুনারা খানুম। এসময়    
 বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, ছাতক উপজেলার ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিন, ছাতকের উপজেলা স্কাউট কমিশনার মো. মঈন উদ্দিন ও ছাতক উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশীদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা জানান, বর্তমান সমাজকে সুস্থ্য রাখতে, তরুণ সমাজকে মাদক-সন্ত্রাস, ইভটিজিং ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে স্কাউটিংয়ের কোন বিকল্প নেই। শুধুমাত্র স্কাউট কার্যক্রমই পারে একজন মানুষকে সু-নাগরিক করে গড়ে তুলতে ও নিয়ম শৃঙ্খলার মধ্যে এনে একটি সুন্দর জীবন উপহার দিতে।  
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় পর্যায়ক্রমে জেলার সকল উপজেলাকে স্কাউট উপজেলা হিসেবে ঘোষণা করা হবে।