স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ গ্রামের দুই ছিনতাইকারী সুনামগঞ্জ শহরের পুলিশের নাকের ডগায় দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় সুনমাগঞ্জ সদর থানার প্রধান গেটের ৫০ গজের মধ্যে দুই নারীর স্বর্ণালংকার ও ব্যাগ ছিনতাই করে। তবে স্থানীয় লোকজন দুই ছিনতাইকারীতে তাৎক্ষণিক হাতে নাতে আটক করে।
আটককৃত দুই ছিনতাইকারী হল, বিশ্বম্ভরপর উপজেলার পলাশ গ্রামের জালাল উদ্দিনের ছেলে সুমন মিয়া (২২) ও একই গ্রামের আব্দুল মোতালেবের ছেলে ইসমাইল (২৬)। তবে এই চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেছে।
তবে সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানিয়েছেন, আটককৃতরা মূলত অজ্ঞান পার্টির সদস্য। এরা সাধারণ মানুষের নাকে-মুখে কিছু দিয়ে অজ্ঞান করে সবকিছু নিয়ে চম্পট দেয়। ওই চক্রের দুই সদস্যকে হাতে নাতে আটক করা হয়েছে। একজন পালিয়ে গেছে। সে নাকি এক মহিলার অলংকার নিয়ে পালিয়ে গেছে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে গ্রাম থেকে শহরে এসেছিলেন দুই নারী। তারা শহরের সদর থানার উত্তরপূর্ব কোণে নামেন। এসময় ওই দুই ছিনতাইকারী সুমন ও ইসমাইল তাদের ব্যাগ ও কানের স্বর্ণের দুল ছিনতাই করে নেয়। মহিলাদের চিৎকারে
আশপাশের লোকজন এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে হাতে নাতে আটক করে গণধোলাই দেন। পরে মহিলাদের ব্যাগ উদ্ধার করা গেলেও কানের স্বর্ণের দুল পাওয়া যায়নি। পরে উপস্থিত লোকজন দুই ছিনতাইকারীকে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।


