জগন্নাথপুরে ফসলি জমি কেটে সড়ক নির্মাণের অভিযোগ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে কৃষকের বোরো ফসলি জমি কেটে সড়ক নির্মাণের কাজে মাটি তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গত বুধবার জগন্নাথপুরের ইউএনও’র নিকট ক্ষতিগ্রস্ত কৃষক লিখিতভাবে অভিযোগ করেছেন।
কৃষকের অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার গন্ধর্বপুর গ্রামের কৃষক সালাম মিয়া স্থানীয় রানীগঞ্জ বাজার সংলগ্ন দুই কেদার ফসলি জমিতে বোরো আবাদ করছেন। কয়েক দিন আগে এলজিইডির উদ্যোগে প্রায় ১৮ লাখ টাকা বরাদ্দে রানীগঞ্জ কলেজ থেকে গোপড়াপুর বাজার পর্যন্ত সড়ক সংস্কার ও প্রশস্তকরণের কাজ পান উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের বাসিন্দা ঠিকাদার ছালিক মিয়া। কাজ চলাকালে সড়কের গন্ধর্বপুর এলাকায় কৃষক সালাম মিয়ার ফসলি জমি কেটে মাটি তুলে সড়ক প্রশস্ত করা হয়। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক।
কৃষক সালাম মিয়া জানান, আমার ফসলি জমি কেটে সড়ক নির্মাণ করায় আমার দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাই আমি ক্ষতিপূরণের জন্য ঠিকাদারের সাথে যোগাযোগ করে কোন সুরাহা না পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদন করেছি।
অভিযুক্ত ঠিকাদার ছালিক মিয়া বলেন, সড়ক নির্মাণ করতে গিয়ে শ্রমিকরা ভুল করে এক কৃষকের কিছু ফসলি জমি কেটে ফেলেছেন। আমি ওই কৃষকের সঙ্গে যোগাযোগ করে তাকে খুশি করার চেষ্টা করব।
জগন্নাথপুরের ইউএনও সাজেদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পদক্ষেপ গ্রহণ করা হবে।