জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে পূর্ব নির্ধারিত কয়েকটি বাঁধ নির্মাণ প্রকল্প বাদ পড়ার অভিযোগ উঠেছে।
কৃষকরা এসব প্রকল্প বাদ না দিয়ে অর্ন্তভূক্ত করার দাবী জানিয়েছেন। রোববার কলকলিয়া ইউনিয়নের ৪৯৭ জন কৃষক স্বাক্ষরিত একটি আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দাখিল করা হয়েছে।
এতে স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি জনকল্যাণে বিহিত ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছেন।
কলকলিয়া ইউনিয়নের কৃষকরা লিখিত আবেদনে জানান, পানি উন্নয়ন বোর্ড পাউবোর মাধ্যমে প্রতি বছর বোরো ফসল রক্ষায় উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা, মজিদপুর, সুপার মাহমদপুর গোড়ারগাঁও ও বালিকান্দি গ্রামে ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ করা হয়।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী কিছু কুচক্রি মহলের ইন্দনে ভুল মেজারমেন্ট করে এই বেড়িবাঁধগুলো বাদ দিয়েছেন।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের জগন্নাথপুর উপজেলা শাখার আহ্বায়ক সিরাজুল ইসলাম জানান, ফসলরক্ষা বেড়িবাঁধ প্রকল্পগুলো বাদ দেয়া ঠিক হয়নি। তাই পাউবোকে
এসব বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নিতে হবে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন,‘ কৃষক ও জনপ্রতিনিধিদের সাথে আলাপ করে পাউবো বাঁধ নির্মাণ প্রকল্প তৈরী করেছি। এরালিয়া বাজারের নালী নদীতে বেড়িবাঁধ নির্মাণ করা হলে অন্যস্থানে বেড়িবাঁধ নির্মাণের প্রয়োজন নেই বলে মনে করে পাউবো। তাই বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পগুলো বাদ পড়েছে। কৃষকদের লিখিত আবেদন পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’


