জগন্নাথপুরে ভারতীয় চিনির চালানসহ গ্রেপ্তার ৩

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর বাজারে ভারতীয় চিনির চালানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ছাতক উপজেলা থেকে আসা একটি চিনির চালান জগন্নাথপুর বাজারের ডরেরপাড় এলাকায় এলে জগন্নাথপুর থানা পুলিশ ৬৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। যার বাজার মূল্য তিন লাখ ৯০ হাজার টাকা। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও ব্যবসায়ীরা জানান, বেশ কিছু দিন ধরে জগন্নাথপুর বাজারের কয়েকজন অসাধু ব্যবসায়ী ছাতক উপজেলার অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে ভারতীয় চিনি বস্তা পরিবর্তন করে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন হাট বাজারে বিক্রি করে যাচ্ছেন। বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর বাজারের ডরেরপাড় এলাকার একটি গুদামে ঢুকানোর আগে অভিযান চালিয়ে জগন্নাথপুর থানা পুলিশ দুইটি পিকআপ ভ্যানে থাকা ৬৫ বস্তা ভারতীয় চিনি সহ তিনজনকে আটক করে।
আটককৃতরা হলেন ছাতক উপজেলার বাজনা মহল গ্রামের বাসিন্দা পিকআপ ভ্যানচালক জাহিদ হাসান (২৩), জগন্নাথপুর উপজেলার গুঙ্গিরগাঁও গ্রামের বাসিন্দা পিকআপ চালক প্রদীপ দেবনাথ (২৫) ও জগন্নাথপুর উপজেলার কামড়াখাই গ্রামের বাসিন্দা জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী নির্দন দেবনাথ (৩০)।
এ ঘটনায় জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এস.আই) জিয়া উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক জিয়া উদ্দিন বলেন, ভারতীয় চিনির চালান আটকের ঘটনায় শুক্রবার তিনজনকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের খোঁজা হচ্ছে। দুইটি পিকআপ ভ্যানগাড়ি থানায় আছে।