জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকৃত প্রার্থীদের যাছাই বাছাই শুক্রবার সকালে সুনামগঞ্জ রিটার্নিং অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করে অপর ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।
সুনামগঞ্জ রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাছাই কালে ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র ফয়জুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুফিয়া খানমের মনোনয়নপত্র বাতিল করা হয়। অপরপ্রার্থীদের মনোনয়ন বৈধ হিসেবে বিবেচিত হয়। বৈধ প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী আকমল হোসেন, বিএনপির দলীয় মনোনিত প্রার্থী আতাউর রহমান এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী মুক্তাদীর আহমদ মুক্তা।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনিত বিজন কুমার দেব, বিএনপি মনোনিত প্রার্থী সোহেল আহমদ খান টুনু, স্বতন্ত্র প্রার্থী কামাল উদ্দিন, সৈয়দ জয়নুল ইসলাম, জমিয়ত উলামায়ে ইসলামীর দলীয় মনোনিত প্রার্থী সৈয়দ ছলিম আহমদ।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থী হাজেরা বারী ও বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ফারজানা বেগম।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্তকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। শুক্রবার প্রার্থীদের যাচাই বাছাই কালে পুরুষ ভাইস চেয়ারম্যান একজন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী একজনের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় বাতিল করা হয়। অপর ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে।


