ছাতক প্রতিনিধি
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন,‘দেশ ও জাতির শত্রু জঙ্গিদের যে কোন মুল্যে প্রতিহত ও গোড়া থেকে নির্মূল করা হবে। জঙ্গি নামধারী মানুষ হত্যাকারীরা ইসলামেরও শত্রু। জননেত্রী শেখ হাসিনা জঙ্গি ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থান নিয়েছেন। শান্তি ও সম্প্রীতির সোনার বাংলায় জঙ্গিবাদের ঠাঁই হবে না। তিনি সকল দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আহবান জানান।’
সোমবার সকালে গোবিন্দগঞ্জ পয়েন্টে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী মানববন্ধন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লৎফুর রহমান সরকুমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও দৈনিক উত্তর পূর্ব পত্রিকার বার্তা সম্পাদক তাপস দাস পুরকায়স্থ, আব্দুস সামাদ, আব্দুল করিম, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, স্থানীয় ফারুক আহমদ সরকুম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম বকুল, শিক্ষক হুমায়ূন কবির, আফরোজ আলী, সিলেট মহানগর ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি এমএ রশীদ, সিইউপি সদস্য ফিরোজ আলী, সুরেতাজ, আ.লীগ নেতা রইছ আলী, সাহাব উদ্দিন রিয়াজ, যুবলীগ নেতা আব্দুর রউফ বাবলু, আঙ্গুর আলী, ছাত্রলীগ নেতা মঞ্জুর আলম, শ্যামল, রিপন, বিদ্যালয়ের ছাত্র নাছির উদ্দিন, শর্মিলী দাস পুরকায়স্থ প্রমুখ।
মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থীসহ সর্বস্থরের লোকজন অংশ নেয়।


