স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত মঙ্গলবার গণমাধমে পাঠনো এক বিবৃতিতে সুনামগঞ্জ পৌর ভবনের সামনের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে বাণিজ্যমেলা প্রসঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন।
বিবৃতিতে মেয়র উল্লেখ করেছেন, সুনামগঞ্জ শহর শান্তি ও সম্প্রীতির শহর। পৌর নাগরিকদের সবরকমের সুযোগ সুবিধা নিশ্চিত করা ছাড়াও শহরের নাগরিকদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা, শিক্ষা বিস্তার, সন্তানদের মননশীলতার বিকাশসহ সবরকমের মনস্তাত্বিক উন্নয়নে বদ্ধপরিকর। সম্প্রতি গণমাধ্যমসহ সামাজিক মাধ্যমে পৌরসভার একদম কাছে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বাণিজ্যমেলার সময় বর্ধিত হওয়া প্রসঙ্গে অনেক নেতিবাচক ও হতাশাজনক খবর প্রচার হচ্ছে এবং বলা হচ্ছে- এভাবে মাসের পর মাস বাণিজ্য মেলার কারণে শিক্ষার্থীদের খেলাধুলা থেকে বঞ্চিত করা হচ্ছে যা অভিভাবকদের কাছে চিন্তার কারণ হয়ে উঠেছে।
বিষয়টি সম্পর্কে পৌরসভার অবস্থান পরিস্কার করার জন্যই এই বিবৃতি।
বিবৃতিতে বলা হয়, মেলা বর্ধিত করে শিশুদের খেলাধুলা থেকে বঞ্চিত করায় বা পৌর নাগরিকদের দুশ্চিন্তার সঙ্গে পৌরসভা একমত ও সমব্যাথি। আমরা মনে করি এটা খুবই ভুল সিদ্ধান্ত। বিদ্যালয় মাঠে এই বাণিজ্য মেলা আয়োজনে, মেলার সময় বর্ধিতকরণে পৌরসভার কোন অনুমতি, অংশগ্রহণ, সমর্থন নাই বা কেউ পৌরসভাকে টেক্স হোল্ডার হিসেবে এ ব্যাপারে অবহিতও করেন নি। ভবিষ্যতে বিদ্যালয়ের মাঠে বাণিজ্য মেলা বা এ জাতীয় যে কোনো মেলা যেনো বসতে না পারে, শিশুদের মননশীলতার বিকাশের স্বার্থে পৌরসভা সবরকমের পদক্ষেপ গ্রহণ করবে। এতে নাগরিকদের সহযোগিতা কামনা করছি।
প্রসঙ্গত. সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যায়ের খেলার মাঠে গত সাড়ে তিনমাস ধরে খেলাধুলা করতে পারছে না শিক্ষার্থীরা। মাঠে বাণিজ্য মেলা চলছে। আনুষ্ঠানিকভাবে মেলা শুরু হয় গত ১২ ডিসেম্বর। এর আগে প্রস্তুতিসহ নানা কারণে মাঠ দখলে ছিল আড়াই মাস। শনিবার মেলা শেষ হওয়ার কথা থাকলেও সময় আরও বাড়ানো হয়েছে ১০দিন।
সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থী ১৬শ। আগামি ১৫ জানুয়ারি থেকে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হওয়ার কথা। রোববার জেলা প্রশাসকের কাছে বিষয়টি জানিয়ে মেলার সময় আর না বাড়ানোর জন্য বলা হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে।


