ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় প্রতিপক্ষের আঘাতে নিহত কলেজ শিক্ষক আবু তৌহিদ জুয়েল (৪০) খুনের ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার বিকেলে সিলেট পিবিআই পুলিশ সুপার মো. হুমায়ূন কবির ও মামলার তদন্তকারী কর্মকর্তা আউলাদ হোসেন নিহত শিক্ষকের বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রামে এসে পৌঁছান। নিহত আবু তৌহিদ জুয়েল কায়িয়াম গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। তিনি জামালগঞ্জ ডিগ্রি কলেজের ইতিহাস বিষয়ের প্রভাষক ছিলেন।
জানা যায়, ওই শিক্ষকের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের প্রতিবেশী আ. খালেকের ছেলে আ. রাজ্জাকের বাড়ির সীমানা নির্ধারণ ও পারিবারিক বিরোধ ছিল। এরই জেরে ২০১৭ সালের ১ ডিসেম্বর সকাল সাড়ে আটটার দিকে দু’পক্ষের সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের আঘাতে আবু তৌহিদ জুয়েলের মৃত্যু হয়। পরে নিহতের বড় ভাই সোয়েব আহমেদ বাদী হয়ে এ ঘটনায় জড়িত ১১ জনকে আসামি করে ধর্মপাশা থানায় একটি হত্যা মামলা করেছিলেন। গত বছরের ২৩ জানুয়ারি আদালত থেকে মামলাটি সিলেট পিবিআইকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়।
এদিকে মঙ্গলবার দুপুরে নিহত শিক্ষকের খুনীদের ফাঁসির দাবিতে উপজেলার বাদশাগঞ্জ বাজারে স্থানীয় ছাত্র-শিক্ষক ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, কুতুব উদ্দিন তালুকদার, আনোয়ার হোসেন, এমদাদুল হক বকুল, সোয়েব আহমেদ, কামরুল হাসান লিঠু, আলমগীর কবির প্রমুখ।
সিলেট পিবিআই’র পুলিশ সুপার মো. হুমায়ূন কবির বলেন, ‘বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।’
- শিল্প সচিব আসছেন আগামী ১৭ জানুয়ারি
- জুবিলী’র খেলার মাঠে বাণিজ্য মেলা -নিজের অবস্থান ব্যাখ্যা করলেন পৌর মেয়র


