স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক স্বপন কুমার সাহাকে সুনামগঞ্জ থেকে ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রশিক্ষণ কর্মকর্তার পদে বদলী করা হয়েছে।
তবে একাধিক সূত্রে জানা গেছে, দায়িত্বের প্রতি অবহেলার কারণে তাঁকে সুনামগঞ্জ থেকে ময়মনসিংহে বদলী করা হয়। গত ১৩ মে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব পুশিয়া আক্তার স্বাক্ষরিত এক আদেশে ময়মনসিংহে বদলী করা হয়েছে।
সুনামগঞ্জে নিয়োগ দেয়া হয়েছে হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা বশির আহমদ সরকারকে। তিনি আজ সোমবার অথবা আগামীকাল মঙ্গলবার সুনামগঞ্জে যোগদান করবেন বলে জানা গেছে।
জানা যায়, সম্প্রতি তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরের নাওটানা বাঁধ কেটে দেয়া ও হাওরে পানি ঢুকার বিষয়ে সঠিক সময়ে সঠিক তথ্য জানাতে ব্যর্থ হন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক স্বপন কুমার সাহা। একদিন পরে মন্ত্রণালয়ে তথ্য পাঠান তিনি। কৃষি মন্ত্রণালয় সংবাদপত্র-টেলিভিশন ও জেলা প্রশাসনের সাথে কথা বলে ওই বাঁধের তথ্য পান।
পাশপাাশি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা বিষয়টি অবগত রয়েছেন।
বাঁধ কাটা ও হাওরে পানি ঢোকার ঘটনায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালকের কার্যালয় থেকে তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তাকে কাছে কারণ দর্শাতে বলা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কারণ দর্শালে জবাবটি সন্তোষজনক মনে করেননি জেলা কর্তৃপক্ষ, অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়। এরপর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয় বলে জানা গেছে।
সূত্র জানায়, হাওরের বাঁধ কেটে দেয়া ও পানি ঢুকার বিষয়ে দায়িত্বে অবহেলার কারণে তাহিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সালামকে কারণ দর্শানোর চিঠি দেয়া হয় এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক স্বপন কুমার সাহাকে একটু নিচু পদে বদলী করা হয়।
সুনামগঞ্জে নিয়োগ পাওয়া হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা বশির আহমদ সরকার বলেন,‘আমি আজ সোমবার বা আগামীকাল মঙ্গলবার সুনামগঞ্জে যোগদান করব।’
এ ব্যাপারে কথা বলতে বেশ কয়েকবার চেষ্টা করলেও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক স্বপন কুমার সাহা ‘একটা জরুরি মিটিং এ আছি। পরে কথা বলি’- বলে ফোন রেখে দেন। পরে আর ফোন রিসিভ করেন নি তিনি।


