স্টাফ রিপোর্টার
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুকে ক্রসফায়ারের নামে নিমর্মভাবে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল। রবিবার দুপুরে জেলা ছাত্রদলের আহবায়ক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কালিবাড়ি পয়েন্টে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জেলা ছাত্রদলের আহবায়ক নুরুল ইসলাম নুরুলের সভাপতিত্বে ও লর যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, তফাজ্জুল হোসেন, আনোয়ার জাবেক, জামাল উদ্দিন বাকের, মো. রায়হান উদ্দিন, আজিজুর রহমান সৌরভ ও হাবিবুর রহমান হাবিব ।
সমাবেশে বক্তারা বলেন, এই অবৈধ সরকার ক্ষমতাকে পাকাপোক্ত করতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের প্রতিবাদি কণ্ঠ রুখে দিতে সাদা পোশাকে আইন শৃংখলা বাহিনীর পরিচয় দিয়ে বাসা থেকে তুলে নিয়ে নিমর্মভাবে হত্যা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গত ৩০ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুকে বাসা থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। আমরা অবিলম্বে নুরুর হত্যাকারীকে দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির জোর দাবী জানাই।


