স্টাফ রিপোর্টার
আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস পালন উপলক্ষে বুধবার সুনামগঞ্জে শোভাযাত্রা, আলোচনা ও দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে এই মেলা হয়। জেলা প্রশাসন ও টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) এই অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল ১০টায় শহরে শোভাযাত্রা বের হয়। পরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। সুনামগঞ্জ সনাকের সভাপতি নুরুর রব চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আবদুল হাকিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, সনাক সদস্য ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, নারীনেত্রী শীলা রায়, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফৌজি আরা শাম্মী প্রমুখ।
আলোচনাসভা সঞ্চালনা করেন সনাক সদস্য অ্যাডভোকেট খলিল রহমান। পরে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনষ্ঠান হয়। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৩০টি স্টল অংশ নেয়।


