লন্ডন প্রতিনিধি
জাতির জনকের দৌহিত্র প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজিব ওয়াজিদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানিয়েছে যুক্তরাজ্য যুবলীগ। যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে ২৬ এপ্রিল দুপুরে লন্ডনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানানো হয় । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয় যখন বিষয়টি নিয়ে তদন্ত চলছে ঠিক এই মুহূর্তে বিএনপি‘র প্রত্যক্ষ মদদে চিহ্নিত স্বাধীনতা বিরোধীরা বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মিথ্যার আশ্রয় নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এরাও সমান অপরাধে অপরাধী। ষড়যন্ত্রকারীদের সাথে অপপ্রচারকারীদেরও বিচার দাবি করা হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে বলা হয় স্বাধীনতাবিরোধী শক্তি আজও আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে মেনে নিতে পারেনি। তাই এই গোষ্ঠী বিভিন্ন কৌশল অবলম্বন করে একের পর এক দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পূর্ব লন্ডনের ব্রিকলেনের কাফেগ্রীল রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয় সাংবাদিক পরিচয়ধারী শফিক রেহমান ও মাহমুদুর রহমান গংরা আমেরিকাতে সজিব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টা চালায়। বিষয়টি আমেরিকান গোয়েন্দাদের কাছে ধরা পরে। তারাই সেখানে এর সাথে জড়িতদের গ্রেফতার করে বিচার করে। এফবিআইকে ঘুষ দেবার অপরাধে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ মামুনের ছেলে রিজভী আহমদ সিজারের জেল হয়। আমেরিকান গোয়েন্দাদের তদন্তে বেরিয়ে আসে বাংলাদেশের আরো কয়েকজনের নাম। সেইসব তথ্যাদির ভিত্তিতে বাংলাদেশের গোয়েন্দারা শফিক রেহমানকে গ্রেফতার করে রিমান্ডে নিলে তিনি হত্যা ষড়যন্ত্রের কথা অকপটে স্বীকার করেন, সেই সাথে পুলিশ তার কাছ থেকে বেশ কিছু প্রমাণও জব্দ করেছে তিনি আরো কয়েক জনের নাম বলেছেন, এর মধ্যে মাহমুদুর রহমান সহ আরো বেশ কয়েকজন রয়েছেন। সময়ে অবশ্যই সব তথ্য বেরিয়ে আসবে।’ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুক্তরাজ্য যুবলীগের সেক্রেটারী সেলিম আহমদ খান, সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন যুক্তরাজ্য যুবলীগের প্রেসিডেন্ট ফখরুল ইসলাম মধু, যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রেসিডেন্ট সুলতান মাহমুদ শরীফ, যুক্তরাজ্য আওয়ামীলীগের সেক্রেটারী সৈয়দ, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য যুবলীগের যুগ্মসম্পাদক জামাল আহমদ খান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রবাস বিষয়ক সম্পাদক আনছারুল হক, যুক্তরাজ্য যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে সভাপতি নাজমুল হোসেন, চৌধুরী ফয়েজুর রহমান মোস্তাক, আজমল আলী, ফিরোজ মিয়া,শেখ নূরুল ইসলাম জিতু, মোদাব্বির হোসেন চুনু, দিলাল আহমদ, আমিনুল ইসলাম রাবেল, জোবায়ের আহমদ,হাফিজুর রহমান সেলিম, দিলদার হোসেন লিটন, লিলু মিয়া তালুকদার, দুলাল আহমদ, হাফিজুর রহমান কানু, মাসুম মিয়া তালুকদার, কাজী মাসুম, নাজমুল ইসলাম ইমন প্রমুখ।


