আল আমিন
‘নিজ খরচে সিদ্দিক ভাই, আশিক ও শাকিব দুই ভাই, বঙ্গবন্ধুর নৌকা বাই, বাইতে বাইতে দিরাই যাই’ এমন স্লোগানে নৌকা (ভ্যানের উপর নৌকা তুলে) চালিয়ে নেত্রকোনা থেকে দিরাইয়ে এসেছেন সিদ্দিক আলী। সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. জয়া সেন গুপ্তার পক্ষে প্রচারণা চালাতে এসেছেন সিদ্দিক আলী। আশিক ও শাকিব সিদ্দিক আলী’র দুই ছেলে।
সিদ্দিক মিয়ার নৌকায় সাঁটানো একটি কাগজে লেখা রয়েছে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ নেত্রকোনার পূর্বধলার এই
আওয়ামী লীগ কর্মীর প্রচারণা দেখতে উৎসুক কয়েক’শ মানুষ ভীড় করেন। পথচারীদের অনেকে এসে সিদ্দিক মিয়ার পরিচয়, কীভাবে এসেছেন, কেন এসেছেন, জানতে চেয়েছেন।
সিদ্দিক মিয়া উত্তরে বলেন, ‘সুরঞ্জিত সেন গুপ্তের প্রতি এবং ডা. জয়া সেন গুপ্তার জন্য ভালবাসা থেকেই বঙ্গবন্ধু’র নৌকা ভ্যানে তুলে দিরাইয়ে নিয়ে এসেছি। আমি কৈশোরে ১১ বছর দিরাই থানার রফিনগরে ছিলাম। আমার ভোটও ওঠেছিল ওখানে, জীবনের প্রথম ভোট আমি সুরঞ্জিত সেনগুপ্তকেই দিয়েছিলাম। আমার আসতে কোন কষ্ট হয়নি। আমার মনে হয়েছে যেদিকেই যাবো নৌকা দেখলেই মনে পড়বে দিরাই-শাল্লার মানুষের নেতা, সুরঞ্জিত সেন গুপ্তের কথা।’
উল্লেখ্য, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে সিদ্দিক মিয়া নৌকাকৃতির ভ্যান নিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন।


