স্টাফ রিপোর্টার, দিরাই
দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের আওতাধীন টাংনির হাওরের বাঁদালিয়া নামক স্থানে ৩২ লাখ টাকা ব্যয়ে ১.৭৭৭ কিলে মিটার বাঁধ উঁচুকরণের কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান সুনামগঞ্জের নুরুল হক। এস্কেভেটর দিয়ে মাটি কেটে ফসলী মাঠ পাহাড়ের টিলার মতো করে রাখা হয়েছে। শ্লোপ তো দুরের কথা, নেই বাঁধের কোনো পরিমাপ। বিশাল আকৃতির মাটির চাকা ধ্বসে পড়ছে উভয়পাশে।
তদারকি কর্মকর্তা পাউবো’র জগন্নাথপুর সাব-ডিভিশনের উপ-সহকারি প্রকৌশলী মাহমুদুল করিম বাঁধের কাজে ঠিকাদারের প্রশংসা করে ক্ষোভ ঝাড়লেন স্থানীয় লোকজনের উপর। তিনি বললেন, বাঁধের পাশের জমির মালিকরা মাটি দিতে নারাজ। মাটি কিনে নিয়ে কাজ করার কথা নয়। এর পরেও প্রতি কেদার ধানী জমির মাটি ৮/১০ হাজার টাকায় কিনতে হচ্ছে ঠিকাদারকে। এজন্যে মাটি কেটে নিয়ে স্তুপ করে রাখা হচ্ছে। এ ছাড়া সাবেক এক ইউপি চেয়ারম্যানকে দিতে হযেছে লাখ দেড় লাখ টাকা।’
তিনি দাবি করেন, ঠিকাদার কাজ করতে চায়। কিন্তু স্থানীয় অনেইে বাঁধের চাইতে নিজের স্বার্থকে প্রাধান্য দিচ্ছেন। বাঁধের উপর মাটি স্তুপ করে রাখা হয়েছে কেন জানতে চাইলে তিনি বলেন, হঠাৎ পানি চলে আসলে মাটি পাওয়া যাবে না। এ জন্যে কোথাও ২০ ফুট আবার কোথাও ২৫ ফুট প্রশস্ত করে মাটি রাখা হচ্ছে। এখান থেকে ১৪ ফুট রেখে বাকী মাটি আরও উপরে উঠানো হবে। পরে শ্লোপ দিয়ে ডিজাইন মতো ১২ ফুট প্রশস্ত করা হবে। এ ছাড়া বাঁধের তলা প্রশস্ত হবে ৪৫ থেকে ৫০ ফুট।
তবে স্থানীরা বলছেন, পাউবো’র মাঠ প্রকৌশলী ও ঠিকাদারের নিজেদের বেঁধে ফেলেছেন একই গাটছড়ায়। এরা হাওরে বাঁধের কাজে সাগর চুরি করতে মিথ্যাচারকেই বেছে নিয়েছেন কৌশল হিসেবে। আর দোষ চাপাচ্ছেন স্থানীয়দের উপর।
বাঁধের কাজে উপজেলা প্রশাসনের তদারকি কমিটির সদস্য দিরাই উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন,‘শুক্রবার সরেজমিন টাংনির হাওরে গিয়ে দেখেছি, কালনী তীরবর্তী বাদালিয়া অংশে নদীর তীর উচুকরনে যেভাবে মাটি ফেলা হয়েছে তা বাঁধের কোনো পর্যায়ে পড়ে না। কাজ কত পার্সেন্ট সম্পন্ন হয়েছে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু বাঁধ এখনো হয়নি সেইহেতু আমার দৃষ্টিতে জিরো পার্সেন্ট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বলেন,‘ঠিকাদাররা কোথায় কি কাজ করছে তার কোনো পরিসংখ্যান আমার কাছে নেই। পাউবো’র প্রকৌশলীরা শুধু পিআইসির কাজের বিষয়ে আমাকে অবগত করিয়েছেন।’
পাউবোর নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন আহমদ বলেন,‘দরপত্রের মাধ্যমে নির্বাচিত ঠিকাদারী প্রতিষ্ঠানই বাঁধের কাজ করলেও কিছু জায়গায় সমস্যা হচ্ছে। যেমন হুরা মন্দিরা হাওরে তালগোল পাকিয়েছে ঠিকাদারের স্থানীয় প্রতিনিধিরা। একইভাবে টাংনির হাওরের বাদালিয়াতে সমস্যার সৃষ্টি করছে স্থানীয় কিছু প্রভাবশালীরা। সবগুলো বিষয়ই আমাদের নজরে এসেছে। শুধু ঠিকাদার আর আমাদের উপর একতরফা দোষ চাপালে হবে না। বাস্তবতাটুকু উপলব্ধি করতে হবে।
- দিরাইয়ে পাউবো’র সাগর চুরি=‘ঠিকাদার চিটাগাঙ্গের সাব-কন্ট্রাকটার নেত্রকোণার কাজ করাচ্ছেন টপটেরর’
- আহসানমারা সেতু’র নামকরণ হচ্ছে শহীদ তালেব সেতু


