‘মুক্তি যুদ্ধোত্তর বাংলাদেশে রাজাকার আর স্বাধীনতা বিরোধীদের এত আস্ফালন ও প্রভাব কেন?’ এমন এক প্রশ্নের জবাবে ড. সাদিক বললেন, ‘মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেছে এ কথা কে বলল? মুক্তিযুদ্ধ এখনও চলমান।’ এইকথা বলে তিনি গম্ভীর ও বিষাদমাখা গলায় উচ্চারণ করলেন, ‘মুক্তিযুদ্ধ যদি শেষ হতো তাহলে ১৯৭৫ সনে বঙ্গবন্ধুকে প্রাণ দিতে হতো না। চলমান মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গ হলেন সর্বশেষ শহীদ।’ পাহাড়ের মতো অবিচল দৃঢ়তায় বলা এই কথাটি কী এক সাংঘাতিক উচ্চারণ সেটি হৃদয়ঙ্গম করতে তরুণদের বেশ কিছুটা সময় লেগে যায়। এটাই স্বাভাবিক।
কবি ড. মোহাম্মদ সাদিক। যিনি সিলেটি ঐতিহ্য নাগরিলিপিতে পিএইচডি করেও একজন জাঁদরেল ও মেধাবী আমলা হিসেবে সারা দেশের নজর কেড়েছেন, যিনি স্বীয় যোগ্যতাবলে এখন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, সংবেদনশীল এই মানুষটির আবেগ অনুভূতি বঙ্গবন্ধুর নামে এক বিন্দুতে মিশে যায়। তাই সোমবার সন্ধ্যায় দৈনিক সুনামগঞ্জের খবর কার্যালয়ে খবর পরিবারের সাথে মতবিনিময়কালে তাঁর দীর্ঘ দুই ঘণ্টা আড্ডার ৯৯ ভাগই আবর্তিত হয়েছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে ঘিরে। নতুন প্রজন্মের সংবাদকর্মীদের নিকট থেকে তিনি যেমন জানতে চেয়েছেন স্বাধীনতা, বঙ্গবন্ধু ও দেশের উন্নয়ন বিষয়ে তাদের চিন্তাভাবনা তেমনি বয়স্কদের নিকট থেকে সমান আগ্রহে ১৯৭১ সনের সেই রক্তঝরা দিনগুলির স্মৃতিচারণ শুনেছেন অসীম ধৈর্য নিয়ে। এমন আলোচনায় অ্যাড. স্বপন কুমার দেব ৭ মার্চের ভাষণ নিজে রেসকোর্স ময়দানে উপস্থিত থেকে শোনার সেই অভূতপূর্ব অভিজ্ঞতা বর্ণনা করে উল্লেখ করেন, ওইসময় বঙ্গবন্ধুর উপর কোন দৈবশক্তি ভর করেছিলো। তিনি অবলীলায় একটি জাতির স্বাধীনতার ঘোষণা দিলেন যেটি বিশ্ব নেতৃবৃন্দের বক্তব্যের মধ্যে পরে শ্রেষ্ঠ বক্তব্য বলে বিবেচিত হলো। ওই বক্তৃতাকে কেউ একজন গেটিসবার্গ এড্রেসের লিংকনের বক্তৃতার সাথে তুলনা করলে ড. সাদিক বলে উঠেন, লিংকন যখন বক্তৃতা করছিলেন তখন তার মাথার ্উপর বোমারু বিমান ছিলো না, ছিলো না উঁচিয়ে রাখা রাইফেলের নল। কিন্তু বঙ্গবন্ধু যখন বক্তৃতা করছিলেন তখন তার সামনে পিছনে ডানে বামে মাথার উপরে ছিল সামরিক বাহিনীর মহড়া। এমন পরিস্থিতিতে বঙ্গবন্ধু অবিচন দৃঢ়তায় স্বাধীনতার যে অমরকাব্য রচনা করেছিলেন সেটি অতুলনীয়। অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, হোসেন তওফিক চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান সকলেই এতে সায় দিলেন।
এই ধরনের অনানুষ্ঠানিক আলোচনাপর্ব এমন হৃদয়গ্রাহী আবেগমথিত কথামালা এখন কমই হয় আমাদের দেশে। সকলেই ব্যস্ত থাকেন উদ্দেশ্য সিদ্ধিতে। সকলেরই মুখ্য থাকে কোন না কোন প্রাপ্তিযোগ। ফলতঃ ইতিহাস ঐতিহ্য থেকে আমরা সরে এসেছি দীর্ঘ পথ। ইতিহাসের গায়ে আছর করেছে প্রতিক্রিয়ার ভূত। যে ইতিহাসকে কবর দিয়ে এসেছে জাতি সেই ইতিহাসকে আলোর দিগন্তে নিয়ে আসার প্রয়াস পায় পরাজিত শক্তি। নতুন প্রজন্ম শিখে ভুল ইতিহাস। পুরাতনরা চুপসে থাকে অজানা ভয় আর আতংকে। বঙ্গবন্ধু, স্বাধীনতা এমনসব বিষয় হয়ে উঠে অপাঙক্তেয়, পরিত্যাজ্য। দীর্ঘ কয়েকটি দশক কেটেছে এই অন্ধকার যুগ। এখন আবার নতুন করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনার একটি বাস্তবতা সকলের সামনে এসেছে। ভুলে য্ওায়া ইতিহাসের সত্যগুলো পুনরাবিস্কৃত হচ্ছে। ড. সাদিক দৈনিক সুৃনামগঞ্জের খবরের মধ্যে পেয়েছেন ইতিহাস চর্চার সেই একটুখানি আলোকরেখা। তাই তো তিনি ওই আলোকরেখায় দীপ্তি ছড়াতে চলে আসেন অন্তরের টানে। দৈনিক সুনামগঞ্জের খবর মুক্তিযুদ্ধ বিষয়ক যেকোন প্রয়াসকে সর্বদাই সমর্থন জুগিয়ে আসছে জন্মলগ্ন থেকে। এই সমর্থন অব্যাহত থাকবে যতদিন প্রকাশনা অব্যাহত থাকে। দৈনিক সুনামগঞ্জের খবর সুনামগঞ্জের পরিসরে মুক্তিযুদ্ধ বিষয়ক চর্চার মিলনকেন্দ্র হয়ে থাকবে সর্বদাই। আসুন এখানে মুক্তিযুদ্ধের চেতনায় প্রজন্ম থেকে প্রজন্মকে আলোকিত করতে।
- দৈনিক সুনামগঞ্জের খবর কার্যালয়ে অনানুষ্ঠানিক মতবিনিময়- বঙ্গবন্ধুই মুক্তিযুদ্ধের শেষ শহীদ -ড. মোহাম্মদ সাদিক
- দোলারবাজারে গুণীজনকে সংবর্ধনা

