তাহিরপুরে আ.লীগ বিএনপি’র নির্বাচনোত্তর সংঘর্ষ, আহত ১০

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নে আওয়ামী লীগ-বিএনপি’র সমর্থকদের মধ্যে নির্বাচনোত্তর সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় ৫ টি দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। রোববার বিকাল ৩ টায় ইউনিয়নের বালিয়াঘাটা নতুন বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নতুন বাজারে একজন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচন পরবর্তী উল্লাস প্রকাশের সময় রং ছিটানোকে কেন্দ্র করে বিএনপি কর্মী শামছুল হুদা ও আওয়ামী লীগের পরাজিত প্রার্থী আবুল হোসেনের ছেলে কাজলের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে পরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় ৬ টি দোকান ভাংচুর হয়েছে।
বিএনপি’র বিজয়ী চেয়ারম্যান প্রার্থী খসরুল আলম বলেন,‘আওয়ামী লীগ প্রার্থী আবুল হোসেন খাঁন নিরীহ ভোটারদের মারধর শুরু করেছেন। সাধারণ ভোটাররা তার এমন আচরণের প্রতিবাদে রুখে দাঁড়িয়েছে, তুচ্ছ ঘটনায় তিনি বন্দুক ব্যবহার করেছেন’।
পরাজিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন খাঁন বলেন,‘বিএনপি’র সমর্থকরা আমার বাড়ি ঘেরাও করেছে, বাজারে আমার অফিসসহ ৬ টি দোকান ভাংচুর  
করেছে, একজন সাংবাদিকের ফার্মেসীতেও হামলা করেছে, আমরা বুঝে ওঠার আগেই তারা এ ধরনের হামলা করেছে, ম্যাজিষ্ট্রেট এসে আমাকে বাড়ি চলে আসার জন্য বলেছেন, আমি বাড়িতে চলে এসেছি’।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত কুমার দাস রোববার বিকাল ৫ টায় জানান, উত্তর শ্রীপুরের নতুন বাজারে তুচ্ছ বিষয় নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ঢিল ছুড়াছুড়ির ঘটনা ঘটেছে। কয়েকজন আহত হয়েছে। কয়েকটি দোকানে ঢিল পড়েছে। পরিস্থিতি শান্ত হয়েছে।