মাংস বিক্রেতাদের ধর্মঘটে অস্বস্তি ভোক্তাদের

আকরাম উদ্দিন
নানা দাবি আদায়ের লক্ষ্যে গত ১০দিন যাবত মাংসের ব্যবসা বন্ধ করে ধর্মঘট চালিয়ে আসছেন মাংস ব্যবসায়ীরা। শহরের বিভিন্ন স্থানের গরু ও খাসীর দোকানের মাংস ব্যবসায়ীদের এই ধর্মঘট চলছে। তবে পবিত্র রমজান উপলক্ষে মাংস ব্যবসায়ীরা শুধু আজ সোমবার সকল দোকান খোলা থাকবে বলে জানিয়েছেন। জানা যায়, পৌরকর্তৃপক্ষ মূল্য নির্ধারণের পাশাপাশি ছাগল ও গাভীর মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। কিন্তু মাংস ব্যবসায়ীরা আগের মতো যথেচ্ছভাবে পশু জবেহ করার অধিকার ফিরে পেতে চাইছেন।
ব্যবসায়ীরা চলমান নিয়মে সকল প্রকার গবাদী পশুর মাংস বিক্রির দাবি জানিয়ে মূল্য বৃদ্ধির দাবি তোলেন তারা। তবে জেলা প্রশাসন ও পৌরসভার সমন্বয়ে মূল্য নির্ধারণ করে গরুর মাংসের  প্রতি কেজির মূল্য ৪শত টাকা, মহিষ ৩৮০ টাকা, খাসী ৫শত টাকা ও ভেড়া ৪৫০ টাকা ধার্য্য করা হয়েছে। নির্ধারিত এই মূল্য এবং কর্তৃপক্ষের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে মাংস ব্যবসায়ীরা ধর্মঘট পালন করে আসছেন।
এই প্রতিবেদকের সাথে আলোচনাকালে পৌর মেয়র আয়ুব বখত জগলুল বলেছেন, ‘গবাদী পশুর বংশবিস্তারের স্বার্থে মা গবাদী পশুর মাংস বিক্রি করতে নিষেধ করা হয়েছে। এটা ব্যবসায়ীদের বলে দেয়া হয়েছে। তিনি বলেন, ‘জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করে সিলেটে মাংসের কেজি মূল্যের সাথে সমন্বয় রেখে সুনামগঞ্জের মাংসের কেজি মূল্য নির্ধারণ করে দেয়া হয়। পৌরসভার নির্ধারিত ইন্সপেক্টর রয়েছেন। তিনি কঠোরভাবে দেখাশোনা করেন। রোগা গবাদী পশুর মাংসও বিক্রি করা যাবে না। পবিত্র রমজান মাসে রোজাদারদের সেহরি-ইফতারের মাংস হতে হবে হালাল ও নিরাপদ।    
পৌর কর্তৃপক্ষ সকল মাংস ব্যবসায়ীদের জানিয়ে দিয়েছেন সবাইকে নির্ধারিত মূল্যে নির্ভেজাল মাংস বিক্রি করতে হবে।