তাহিরপুরে ঘর পাবে ৪০ ভূমিহীন ও গৃহহীন পরিবার

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে মুজিববর্ষের উপহার ভূমিহীন ও গৃহহীনদের ঘর হস্থান্তরে ইউএনও’র প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স মিলনায়তনে উপজেলার বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইকবাল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান ও উপজেলার বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির সাংবাদিকদের জানান, ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ শ্লোগানকে সামনে রেখে তাহিরপুরে ইতিমধ্যে ১ম পর্যায়ে ৭০টি ঘর নির্মাই করে উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে ৭৬টি ঘর হস্তান্তর করা হয়েছে। বর্তমানে ৩য় পর্যায়ে ‘ক’ শ্রেণীর ভূমিহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। ৩য় পর্যায়ে তাহিরপুরে মোট ১১০টি ঘর নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে ৩য় পর্যায়ের ১ম ধাপে ৪৫টি ঘর নির্মাণ করা হয়েছে। আগামী ২১জুলাই সকাল ১০টায় ৩য় পর্যায়ের ২ধাপে নির্মিত সারাদেশের ২৬হাজার ২’শ ৯৯টি গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর সাথে সঙ্গতি রেখে তাহিরপুরে ৪০টি ঘরের উদ্বোধন করা হবে। এ উপলক্ষে ২১জুলাই সকাল ৯টায় উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স রুমে জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা,সুশীল সমাজের প্রতিনিধি সরকারি কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকদের অংশগ্রহণের মাধ্যমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তিনি আরো বলেন, আশা করি এ ঘর পেয়ে উপকারভোগীরা আর্থ সামাজিক ভাবে লাভবান হবেন, তাদের মর্যাদা বৃদ্ধি পাবে এবং তাদের উন্নত জীবনের পথে এগিয়ে যাওয়া সহজতর হবে।