তাহিরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ২০২১-২০২২ অর্থ বছরের রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৪৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী চিনাবাদাম বীজ ও সার বিতরণ করা হয়।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবীর।
তাহিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সালাহ উদ্দিন, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা রবিউল করিম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল হাসান, উত্তর শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, শওকত হাসান প্রমুখ।