তাহিরপুরে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

এম.এ রাজ্জাক, তাহিরপুর
তাহিরপুরে গত দুইদিন ধরে মাদ্রাসায় পড়–য়া এক শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুর নাম তোফাজ্জল হোসেন (৭)। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বাশঁতলা গ্রামের জুবেল হোসেনের ছেলে এবং বাঁশতলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দ্বিতীয় শ্রেণীর ছাত্র। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে নিখোঁজ শিশুর দাদা জয়নাল আবেদীন তাহিরপুর থানায় একটি জিডি করেছেন। জিডি নং ২৬০, তারিখ ৯.১.২০২০ইং।
জানা যায়, বুধবার বিকাল ৫টার দিকে শিশুটি তার দাদা জুবেল হোসেনের বাড়ী থেকে হঠাৎ নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে প্রতিবেশী, আত্মীয় স্বজন ও তার বন্ধুদের বাড়ি বাড়ি গিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের দাদা জয়নাল আবেদীন জানান, তার নাতি তোফাজ্জল হোসেনের বয়স হবে ৭ বছর, তার গায়ের রং ফর্সা, মুখের গঠন গোলাকৃতি, উচ্চতা হবে প্রায় ২ফুট ৭ ইঞ্চি। তার পড়নে ছিল কালো সার্ট কালো থ্রি কোয়ার্টার প্যান্ট। সে তাহিরপুরের আঞ্চলিক ভাষায় কথা বলে।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শিশুটির সন্ধান চেয়ে সব থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে এবং তাকে উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা করছে।