তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে সাংবাদিক পরিচয়ে বালি-পাথর ও পরিবহন ব্যবসায়ীর নিকট চাঁদা দাবি ও হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাহিরপুর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। বৃহস্পতিবার থানায় এ সাধারণ ডায়েরী করেন একজন ব্যবসায়ী। (ডায়েরী নং- ৩২৭,
তারিখ: ০৮/১২/২০১৬ ইং)।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার জাদুকাটা নদীর বালি-পাথর ও পরিবহন ব্যবসায়ী উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের ননাই গ্রামের মৃত মুজিবুল হক ওরফে মাজিনুল হকের ছেলে নাসির উদ্দিনের ব্যক্তিগত মোবাইলে ফোন করে নিজেকে সাংবাদিক কামাল পরিচয় দিয়ে বৃহস্পতিবার দুপুরে চাঁদা দাবি ও হুমকি দেয়। চাঁদা না দিলে ব্যবসায়ী নাসির উদ্দিনের পরিবহন ব্যবসা বন্ধ করে দেয়ারও হুমকি দেয়া হয়। চাঁদাদাবি ও হুমকি দেয়ার কথা উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরী করেন ব্যবসায়িক অংশিদার শুভ তালুকদার।
থানার ওসি নন্দন কান্তি ধর সাধারণ ডায়েরীর বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, সাংবাদিকের নাম ব্যবহার করে চাঁদাদাবি ও হুমকি দেয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হবে।


