তাহিরপুরে ৯ শ’ কার্ডধারী পরিবার ১০ টাকা কেজির চাল থেকে বঞ্চিত

আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুরে হাওরপাড়ের ৯শ কার্ডধারী পরিবার মার্চ মাসের ১০টাকা কেজির চাল থেকে বঞ্চিত হয়েছেন। বঞ্চিতদের মধ্যে রয়েছেন উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ৪৫০ পরিবার ও শ্রীপুর উত্তর ইউনিয়নের ৪৫০ পরিবার।
জানা যায়, ২০১৬-১৭ অর্থ বছরে তাহিরপুর উপজেলায় ৭টি ইউনিয়নে ১০টাকা কেজি চালের ডিলার ১৪ জনকে নিয়োগ করা হয়। উপজেলায় ৬৮৫৫ জন নারী ও পুরুষকে এ সুবিধার আওতায় আনা হয়। তাহিরপুর উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়,২০১৬ সালের সেপ্টেম্বর মাস হতে উপজেলার ৭টি ইউনিয়নের ৬৮৫৫ জন নারী পুরুষকে কার্ডের মাধ্যমে ১০টাকা কেজি দরে ৩শ টাকায় ৩০ কেজি চাল দেয়া হচ্ছে। উপজেলা সদর ও বালিজুড়ি ইউনিয়ন ব্যতীত বাকী ৫টি ইউনিয়নের ডিলাররা খাদ্য গোদাম হইতে ৮টাকা কেজি ক্রয় করে ক্রেতাদের কাছে ১০টাকা কেজি দরে বিক্রি করে যাহা লাভ হয় ডিলার তাই পায়। অপরদিকে তাহিরপুর সদর ও বালিজুড়ি ইউনিয়নের ডিলাররা খাদ্য গোদাম হইতে সাড়ে ৮ টাকা কেজি দরে ক্রয় করে ক্রেতাদের কাছে ১০ টাকায় বিক্রি     
করেন। মার্চ মাস হতে এ কার্যক্রম পুনরায় চালু হলে ডিলাররা খাদ্য গোদাম হইতে চাল নিতে অনিচ্ছা প্রকাশ করেন। কারণ হিসাবে ডিলাররা বলেন, প্রতি কেজি চাল ডিলারদের নিজস্ব গোদামে পৌঁছাতে খরচ হয় ২টাকা। এতে করে তারা পূঁজি খাটিয়ে লাভের মুখ দেখতে পান না। সম্প্রতি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ১০টাকা কেজি চালের ডিলার মনসুর আহমদ উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তার কাছে চাল উত্তোলন করবেন না মর্মে আবেদন করে তার জামানতের টাকা উঠিয়ে নেন। এমতাবস্থায় শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ৪৫০জন এবং শ্রীপুর উত্তর ইউনিয়নের ৪৫০জন মোট ৯ শ’ পরিবার মার্চ মাসের চাল উত্তোলন থেকে বঞ্চিত হচ্ছেন।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ১০টাকা কেজির চালের ডিলার মনসুর আহমদ বলেন, তার ইউনিয়নে মালামাল পরিবহনে খরচ অনেক বেশী পড়ে। প্রতি মাসে মাল বিতরণ করে তাকে লোকসান গুণতে হয়। এ জন্যই তিনি দায়িত্ব ছেড়েছেন।
তাহিরপুর উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা গোলাম আউলিয়া বলেন,তাহিরপুর উপজেলা সদর হতে ৬টি ইউনিয়নের রাস্তাঘাট দুর্গম হওয়ার কারণে মালামাল পরিবহন করিতে খরচ বেশী পড়ে। এজন্য ডিলাররা তাদের চাল নিতে আগ্রহী নন। গত মাসে শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ডিলার মনসুর আহমদ পদত্যাগ করেছেন এবং শ্রীপুর উত্তর ইউনিয়নের ডিলার শামছুল আলম আখঞ্জি এখন পর্যন্ত চাউল উত্তোলন করেননি।