তিন শহিদের অনন্য সমাধিকে বিকৃত করার প্রয়াস রুখে দিন

বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া তিন অকুতোভয় মুক্তিযোদ্ধা তালেব আহমদ, কৃপেন্দ্র দাস ও নাম না জানা আরেক জনকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আহসানমারা সেতুর কাছে নির্মমভাবে হত্যা করেছিল বর্বর পাকবাহিনী সুনামগঞ্জ স্বাধীন হওয়ার কয়েকদিন আগে। এদের মেরে লাশ রাস্তায় ফেলে গিয়েছিলো পাকি অসভ্যরা। স্থানীয় জনসাধারণ লাশগুলো দেখতে পেয়ে স্থানীয় উজানিগাঁও রাশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এনে একটি কবরস্থানে কবরস্থ করেন। এক কবরস্থানে শায়িত তিন মুক্তিযোদ্ধার দুই জনের পরিচয় সাথে সাথে নিশ্চিত হওয়া গেলেও তৃতীয় শহিদের নাম জানা যায়নি। তবে ওই তৃতীয় শহিদ উপজাতীয় এবং খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত বলে একমত হয়েছেন বিশিষ্টজনেরা। বিদ্যালয় প্রাঙ্গণের ওই কবরস্থানটিতে একটি স্মৃতিসৌধও নির্মাণ করা হয়েছে। সম্ভবত বাংলাদেশ এরকম একটি কবরস্থান অনন্য। কারণ এক জায়গায় তিন ধর্মের তিন মুক্তিযোদ্ধাকে সমাহিত করার বিরল দৃষ্টান্ত অন্তত আমাদের জানা নেই। প্রতীকী অর্থে এর গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ নামক রাষ্ট্রটি যেসব মূল্যবোধ ধারণ করে গঠন করা হয়েছিলো এবং যেসব মহান আদর্শ ধারণ করে প্রাণ বাজি রেখে মানুষ যুদ্ধে অংশ নিয়েছিলো তার অন্যতম ছিলো একটি অসাম্প্রদায়িক দেশ গঠন করা। শহীদ তালেব আহমদ, কৃপেন্দ্র দাস ও নাম না জানা খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তি এই তিনজনের কবর হয়ে উঠেছিলো অসাম্প্রদায়িক বাংলাদেশের এক অনুপম উদাহরণ। সুনামগঞ্জের মুক্তিযুদ্ধ বিষয়ক লেখকরা উজানিগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠের কবরে তিন মুক্তিযোদ্ধার পরিচয় সম্পর্কে একমত হয়েছেন। বিষয়টি শিক্ষামন্ত্রীরও গোচরিভূত হয়। শিক্ষামন্ত্রীকে এই অনন্য কবরস্থান সংরক্ষণের জন্য দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের পরামর্শ দেন বিশিষ্ট সাংবাদিক আল আজাদ। শিক্ষামন্ত্রীও তাতে সম্মত হন। তিনি সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে তিন শহিদের নামে ফলক লাগানোর নির্দেশ দেন। কিন্তু এলাকার একটি চিহ্নিত স্বাধীনতাবিরোধী প্রভাবশালী গোষ্ঠী শুরু থেকেই বিষয়টিতে বাদ সাধে। তারা অহেতুক বিতর্ক তৈরি করে সর্বজনস্বীকৃত তিন শহিদের কবরস্থানটিকে শুধুই তালেব হোসেনের কবর হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়। এদের প্রভাবের কাছে স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্যক্তিগণ অনেকটা অসহায় অবস্থায় পড়ে যান। এই চক্রটি সম্প্রতি তিন শহিদের কবরস্থানে শুধু তালেব হোসেন নামাঙ্কিত ফলক লাগিয়ে অন্য দুই মুক্তিযোদ্ধার অস্তিত্ব অস্বীকার করে। গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরসহ স্থানীয় গণমাধ্যমে বিষয়টি গুরুত্বের সাথে প্রকাশ করা হয়।
আমরা বুঝতে অক্ষম, যে বিষয়ে মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করেন এমন ব্যক্তিবৃন্দ, স্থানীয় সাধারণ মানুষ যেখানে একমত এবং স্বয়ং শিক্ষামন্ত্রী যেখানে তিন শহিদের নামাঙ্কিত ফলক লাগানোর সিদ্ধান্ত দিলেন, তখন কেন ওই নির্দেশনা মানা হয়নি? মন্ত্রীর নির্দেশ মানতে সিলেট শিক্ষা বোর্ড, সিলেটের বিভাগীয় ও সুনামগঞ্জের জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কিংবা বিদ্যালয় কর্তৃপক্ষ কেন ব্যবস্থা নিলেন না, এটিও আমাদের অবাক করে। একজন শহিদের নামাঙ্কিত ফলক কে স্থাপন করেছেন তা জানেন না বলে দায় এড়াতে চাইলেও বিষয়টিকে এতো হালকাভাবে দেখার অবকাশ নেই বলেই আমরা মনে করি। শিক্ষামন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও বীর মুক্তিযোদ্ধাদের মতামত অগ্রাহ্য করে বিদ্যালয় আঙিনার মধ্যে কীভাবে ইতিহাসবিকৃতিকারী একটি ফলক লাগানো হলো তার জবাব বিদ্যালয় কর্তৃপক্ষকেই দিতে হবে। অনেকেই অভিমত ব্যক্ত করেছেন, একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর ইন্ধনে এমনটি করা হচ্ছে। স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে এই গোষ্ঠীটিকেও চিহ্নিত করা প্রয়োজন।