দরজা খোলেনি পৈন্ডুপ প্রাইমারী স্কুলের

স্টাফ রিপোর্টার
ঈদের পর শনিবার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল খোলা। নিয়ম অনুযায়ী সকাল সাড়ে ৯ টায় বিদ্যালয় খোলার কথা। কিন্তু বিদ্যালয়ের বারান্দায় দুপুর ১২ টা পর্যন্ত অপেক্ষা করে কোন শিক্ষকের দেখা পায়নি তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পৈন্ডুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
প্রধান শিক্ষিকাসহ তিনজন শিক্ষকের মধ্যে সকল শিক্ষকের অনুপস্থিতির কারণে বিদ্যালয়ের দরজা খোলা হয়নি শনিবার। তাই গ্রামের ছাত্র-ছাত্রীরা শনিবার কোন ক্লাস করতে পারেনি। গ্রামের লোকজন জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাকি তাদের জানিয়েছেন স্কুলের ছাত্র-ছাত্রীদের ব্যাগ কিনতে তিনি শনিবার সুনামগঞ্জ শহরে গিয়েছিলেন। তাই স্কুলে যেতে পারেননি। তিনি ছাড়া বিদ্যালয়ের সহকারি শিক্ষকগণও অনুপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের ছাত্র অভিভাবক বিমল তালুকদার জানান, রমজান ও ঈদের ছুটির পর স্কুল খোলেছে। ছাত্রÑছাত্রীরা দীর্ঘদিন পর উৎসাহ নিয়ে স্কুলে গিয়েছিল। কিন্তু প্রধান শিক্ষকসহ একজন শিক্ষকও স্কুলে আসে নাই। দুপুর ১২ টা পর্যন্ত অপেক্ষা করে ছাত্র-ছাত্রীরা বাড়ি ফিরে গেছে। দুপুর সাড়ে ১২ টার সময় আমি   
প্রধান শিক্ষিকাকে ফোন করেছিলাম তিনি জানালেন স্কুলের ছাত্রদের ব্যাগ কিনতে নাকি তিনি এটিও সাবকে সাথে নিয়ে সুনামগঞ্জ গেছেন বাজার করতে।
বিমল তালুকদার আরো বলেন,‘ প্রধান শিক্ষিকা নিয়মিত স্কুল ফাঁকি দেন। সপ্তাহ-দশদিন পর একবার স্কুলে আসেন। বিদ্যালয়ের উন্নয়ন বরাদ্দ এসেছে বলে আমরা শুনেছি। তিনি উন্নয়ন কাজ না করে গ্রামবাসীর সাথে কথা না বলেই ছাত্রদের জন্য ব্যাগ কিনছেন।’
এ ব্যাপারে পৈন্ডুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাকিয়া সুলতানার সাথে কথা বলতে চাইলে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শনিবার দুপুর ২ টার সময় আমি বিষয়টি জেনেছি। অফিস বন্ধ থাকায় যেতে পারিনি। স্কুল বন্ধ থাকার জন্য সবাইকে শোকজ করা হবে।’