দিরাইয়ে জেলে খুন- আ.লীগের সাংগঠনিক সম্পাদকসহ আসামী ৩১, গ্রেপ্তার ৩

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উপজেলার রফিনগর ইউনিয়নের সেচনী গ্রামের মৃত. আবদুস সাত্তারের ছেলে জেলে আবদুল হান্নান রাষ্ট মিয়া  খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার একদিন পর রবিবার নিহতের স্ত্রীর ভাই সেচনী গ্রামের মতিউর রহমান বাদি হয়ে দিরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদার ও আওয়ামী লীগ নেতা শৈলেন তালুকদার সহ ৩১ জনকে আসামী করে জামালগঞ্জ থানায় এই হত্যা  মামলা দায়ের করেছেন। মামলা নং-০১, তারিখ ০৫-১১-১৭ইং।   
লাশ পাওয়ার সাথে সাথে শনিবার বিকালে দিরাই থানা পুলিশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদারের দিরাই পৌর সদরের বাসভবন থেকে খাগাউড়া গ্রামের ভুপতি তালুকদার, নিখিল তালুকদার ও যোগেশ তালুকদারকে গ্রেফতার করে দিরাই থানা পুলিশ। ঘটনার পর পুরুষ শূন্য হয়ে পড়ে খাগাউড়া গ্রাম।
রবিবার সরেজমিন খাগাউড়া বাজারে গিয়ে দেখা যায়, বাজারের সকল দোকানপাঠ বন্ধ রয়েছে। গ্রামে মহিলা ছাড়া কোন পুরুষ লোক নেই। গ্রামের পশ্চিম পাড়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেচনী গ্রামে গিয়ে দেখা যায় নিহত রাষ্ট্র মিয়ার বাড়িতে চলছে শোকের মাতম, তার স্ত্রী ৫ বছর ও ১০ বছর বয়সী দুই শিশুপুত্রকে নিয়ে লাশের অপেক্ষায় প্রহর গুনছেন।
গ্রামবাসী জানান, ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে রয়েছে। এলেই দাফন করা হবে।
সেচনী গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম জানান, আমাদের গ্রামের অধিকাংশ মানুষ মৎস্যজীবী, ভাসান পানিতে হাওরে মাছ ধরতে গেলে খাগাউড়া গ্রামবাসী বাধা দেয়। এ নিয়ে দু-গ্রামের মানুষের মধ্যে বিরোধ দেখা দিলে থানা পুলিশের মধ্যস্থতায় কিছুদিন পূর্বে থানায় বসে তা সমাধান করা হয়। তাদের দাবিকৃত জায়গায় আমাদের গ্রামের মানুষ ও গবাদিপশু যাওয়া বন্ধ করে দেই।
শুক্রবার রাতে গ্রামের একেবারে নিতান্তই অসহায় পরিবারের কয়েকজন লোক জীবিকার তাগিদে তাদের গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার দূরে জামালগঞ্জ উপজেলার সীমানায় মাছ ধরতে গেলে সেখানে গিয়ে তাদেরকে মারধর করে একজনকে ধরে নিয়ে যায়, পরদিন হাওরে তার লাশ ভেসে উঠে । আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি ৬ জনের মধ্যে ২জনের অবস্থা আশঙ্কাজনক।
খাগাউড়া গ্রামের ইউপি সদস্য চন্দন কুমার দাস জানান, খাগাউড়া গ্রামের রেকর্ডীয় মালিকানাধীন জমি বছার হাওরের গভীর অংশে অনেকে ধানচাষ না করে মাছ আহরণ করে থাকেন, জমির মালিকগণ প্রতি বছর ডোবা-ডুবির অংশ লীজ দিয়ে থাকেন , এ বছর লীজ না পাওয়ায় সেচনী গ্রামের লোকজন জোরপুর্বক মাছ ধরতে গেলে পাহারাদারদের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রামের কয়েকজন লোক আহত হয়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেম জানান, মামলা দায়ের হয়েছে। আসামী গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।