দুর্গত মানুষকে চিকিৎসা প্রদানের জন্য বিএমএ’র আহ্বান

বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বি.এম.এ) জেলা শাখা ফসল হারা কৃষকদের চিকিৎসায় আন্তরিকতা ও সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসার জন্য      
সকল চিকিৎসকদের প্রতি অনুরোধ জানিয়েছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,  সাম্প্রতিক অকাল বন্যায় জেলার হাওর অঞ্চলের কৃষক ও কৃষি পেশার উপর নির্ভরশীল সকল মানুষের একমাত্র বোরো ফসল নষ্ট হয়ে গছে। জেলার বসবাসকারি ধনী-গরিব নির্বিশেষে সবার মধ্যে আতঙ্ক ও হাহাকার বিরাজ করছে। মৎস্য সম্পদ ও গবাদি পশুর মড়ক সহ ব্যাপক প্রাকৃতিক বিপর্যয় হয়েছে। জনগণের এই ক্রান্তি কালে চিকিৎসক সমাজের মানবিক কর্তব্য মানুষের পাশে দাঁড়ানো।
এ অবস্থায় জেলার বি.এম.এ এর সম্মানিত সদস্য ও সকল সরকারি বেসরকারি চিকিৎসকগণকে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে স্থানীয় কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক সমন্বয় রেখে বন্যা কবলিত জনগণের সেবা নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে।