দুর্ভোগ আর দুর্ভোগ

পরিতোষ ঘোষ চৌধুরী
সুনামগঞ্জ জেলার সাচ্না বাজারটি একটি ঐতিহ্যবাহী পুরাতন বাজার। বাজারটি থেকে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব পায়। বর্তমানে বাজারটিতে রয়েছে বিভিন্ন সমস্যা, যার কারণে জনগণকে পোহাতে হচ্ছে নানারকম দুর্ভোগ।
জানা যায় যে, বাজারটিতে পানি নিষ্কাশনের জন্য কোন ড্রেন নেই। ফলে একটু বৃষ্টি হলেই হাঁটু পরিমাণ কাদা হয়। বাজারটি খানাখন্দে ভরপুর। ময়লা আবর্জনা ফেলার মত কোন ডাস্টবিন নেই। যেখানে সেখানে আবর্জনার স্তুপ পড়ে থাকে। বাজারটিতে নেই কোন পাবলিক টয়লেট। সে কারণে দুর থেকে আসা লোকজনের সমস্যা হয়। যত্রতত্র দোকান বসে বাজারে এমন অবস্থা যে লোকজনের হাঁটাচলা করাই খুব কষ্টদায়ক। বাজারে রিকশা ঠেলাগাড়ী চলতে পারে না-একটি রিকশা যদি যায়, অপর রিকশা আসার কোন ‘জু’ নেই। বিশেষ করে বাজারের উত্তর দিকে বাঁধ থেকে বেহেলি রোডের অবস্থা খুব খারাপ। যেখানে সেখানে টমটম, রিকশা, মোটর সাইকেল, সিএনজি দাড়ানো থাকে। গলি ছোট। দু’দিকেই দোকান, দোকানের ঝাপ, ইত্যাদি কারণে এমন অবস্থা যে, স্কুল কলেজের ছেলে মেয়ে সহ জনসাধারণের চলাচলে ভীষণ দুর্ভোগ হয়। বাজারের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তে গোদারাঘাটে আসতে স্কুল, কলেজ ও         
অফিসে যাওয়া মেয়ে ও মহিলাদের প্রায়শ: ধাক্কা খেতে হয়। বিগত এক এগারো সময়ের সরকার বাজারের গলি থেকে ভাসমান দোকান উঠিয়ে দিয়ে বাজারে অনেকটা শৃঙ্খলা এনেছিলেন কিন্তু বর্তমানে অবস্থা অনেক জটিল। এ অবস্থায় বাজারের উত্তর দিকে কুরি ভরাট করে ভাসমান দোকানদারদের পুনর্বাসন করা দরকার। প্রকাশ থাকা আবশ্যক যে, কয়েক বছর আগে পুলের নিচ ভরাট করে ভাসমান দোকানদারদের বরাদ্দ না দিয়ে বিত্তবানদের বরাদ্দ দেয়া হয়েছিল। আশা করি বাজারটির প্রতি কর্তৃপক্ষের সুদৃষ্টি পড়বে।