দেশে ফিরেছেন খালেদা জিয়া

সু.খবর ডেস্ক
দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার বিকেলে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। সেখানে বিএনপির নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান। এসময় অন্যদের সাথে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, সহ সভাপতি ও ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব খান, সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, বিকেল সোয়া পাঁচটার দিকে বিএনপির চেয়ারপারসন বিমানবন্দরে নামেন। ৫টা ৩৭ মিনিটে তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে গুলশানের বাসার উদ্দেশে রওনা দেন। বিমানবন্দরে বিএনপির চেয়ারপারসনকে স্বাগত জানাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা হাজির হন।
প্রায় তিন মাস     পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন খালেদা জিয়া। তাঁর বিরুদ্ধে গত সপ্তাহে ঢাকা ও কুমিল্লার আদালত থেকে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
খালেদা জিয়া গত ১৫ জুলাই যুক্তরাজ্যে যান। প্রায় তিন মাস তিনি সেখানে সপরিবারে থাকা বড় ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন। এ সময় তিনি চোখ ও পায়ের চিকিৎসা নেন বলে দলের নেতারা জানান।
নিকুঞ্জ, খিলক্ষেত, কাওলা এলাকায়ও রাস্তার ওপরেই খালেদা জিয়াকে স্বাগত জানাতে আসা বিএনপির নেতা-কর্মী-সমর্থকদেরর অবস্থান নিতে দেখা নেয়। অনেকেই সড়কের মাঝখানে অবস্থান করছিলেন। ওই সড়কের দুই পাশেই যানজটের একই চিত্র দেখা যায়। অন্যদিকে বিমানবন্দর থেকে টঙ্গী-আবদুল্লাহপুর পর্যন্ত যানজট সৃষ্টি ছাড়িয়ে যায়।
বিমানবন্দর ট্রাফিক পুলিশের পরিদর্শক আবদুল আলীম চৌধুরী বলেন, ‘আমরা বিএনপির নেতা-কর্মীদের অনুরোধ করেছি, তারা যেন রাস্তার মাঝখানে অবস্থান না নেন। কিন্তু তারা এ কথা আমলে নেয়নি।’