দোয়ারায় প্রবাসীর বাড়িতে ডাকাতি

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালী বাজার সংলগ্ন মধ্যপ্রাচ্য প্রবাসী ও ব্যবসায়ী মুক্তার আলীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি হয়েছে জানা গেছে। শুক্রবার রাত প্রায় ২ টার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার দুপুর ১২ টায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।  
দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতীক শনিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতির শিকার পরিবারের লোকজন ও এলাকাবাসীর সাথে কথা বলেন।
প্রবাসী মুক্তার আলীর বড় ভাই ব্যবসায়ী ফরমান আলী জানান, ৭ সদস্যের ডাকাতদল তাদের বাড়ির গেইট ও দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে সবাইকে বেঁধে নগদ ৪ লাখ টাকা, ২ টি মোবাইল ফোন, ১৪ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য অজিত দাস জানান, শুক্রবার রাত প্রায় ২ টার সময় প্রবাসী মুক্তার আলী ও ব্যবসায়ী ফরমান আলীর বাড়ির সবাইকে বেঁধে ঘরের সকল লাইট জ্বেলে ডাকাতদল প্রায় ১১ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দোয়ারাবাজার থানার ওসির দায়িত্বপ্রাপ্ত এসআই শামীম আখঞ্জি বলেন,‘ কাটাখালী বাজারের পাশে এক প্রবাসী ও ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। আমাদের ধারণা ঘটনাটি চুরি হতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে গৃহকর্তা থানায় কোন লিখিত অভিযোগ দেন নি।’