ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলায় বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে মাইনুল ইসলাম নামের এক লাইনম্যানের মৃত্যু ও মোবারক হোসেন নামের অপর লাইনম্যান গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের দাসপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই দুই লাইনম্যান দাসপাড়া গ্রামে বিদ্যুতের লাইন
মেরামত করতে যান। চালু লাইনে বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করার সময় ওই দুই লাইনম্যান বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। যেখান থেকে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মাইনুলকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি নাটোর জেলার বাগাটিপাড়া উপজেলার চিতলিয়া গ্রামে। আহত মোবারককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মোবারকের বাড়ি নরসিংদী জেলায় ।
নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির ধর্মপাশা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ সরোয়ার জাহান বলেন, মাইনুল ইসলামের লাশ নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে নামাজের জানাযা শেষে লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।


