ধর্মপাশা প্রতিনিধি
ঈদুল ফিতরের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সুনামগঞ্জের ধর্মপাশায় প্রধানমন্ত্রী ঘোষিত ঈদ উপহার পায়নি তালিকাভুক্ত অধিকাংশ পরিবার। তালিকায় নাম থাকা সত্বেও অধিকাংশ ব্যক্তির মোবাইল নম্বরে শুক্রবার দুপুর দুইটা পর্যন্ত ২ হাজার ৫০০ টাকা পৌঁছায়নি। আবার ঈদের আগের দিন কোনো কোনো ব্যক্তির নম্বরে ২ হাজার ৫০০ টাকা করে পৌঁছেছে।
জানা যায়, মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত সারাদেশে ৫০ লাখ পরিবারকে ঈদ উপহার হিসেবে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য ১ হাজার ২৫০ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। এই হিসেবে ধর্মপাশা উপজেলার ১০টি ইউনিয়ন থেকে ৬ হাজার ৪৩৮ জন ব্যক্তির নাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। ঈদের আগের দিন কিছু কিছু ব্যক্তি তাদের মোবাইল নম্বরে ২ হাজার ৫০০ টাকা করে পায়। কিন্তু ঈদের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তালিকাভুক্ত ব্যক্তির অনেকের মোবাইল নম্বরে ২ হাজার ৫০০ টাকা পৌঁছায়নি।
ধর্মপাশা উপজেলার কয়েকটি ইউনিয়নের তালিকাভ্ক্তু একাধিক পরিবারের সাথে কথা বলে জানা যায়, তালিকায় তাদের নাম ও মোবাইল নম্বার রয়েছে। কিন্তু এরপরও তাদের মোবাইল নম্বরে ২ হাজার ৫০০ টাকা আসেনি। আবার কেউ কেউ সেই টাকা পেয়েছেন বলে জানিয়েছেন।
ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন মোহাম্মদ সেলিম আহম্মদ বলেন, ‘তালিকা তৈরি করে আমরা সংশ্লিষ্টদের কাছে জমা দিয়েছি। কেন টাকা আসছে না এটি আমার জানা নেই। এ নিয়ে কেউ প্রশ্ন করলে কোনো সদোত্তর দিতে পারছি না।’
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, ‘যে সমস্ত আইডি কার্ডের সাথে মোবাইল নম্বরের মিল রয়েছে সেই সমস্ত মোবাইল নম্বরে টাকা আসছে। পুরো বিষয়টি এট্আুই দেখছে। তাই কি কারণে অনেকের মোবাইল নম্বরে টাকা আসেনি সেটা বলা যাচ্ছে না।’


