নকশী কাঁথা তৈরি বাড়াতে হবে-পীর মিসবাহ

স্টাফ রিপোর্টার
ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রামের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘ইরা’র উদ্যোগে ৩ দিনব্যাপী নকশী শিল্প প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইরা’র নির্বাহী পরিচালক মো. সিরাজুর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত আবুহেনা মোরশেদ জামান, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল মাহমুদ, ইউনেস্কো’র প্রোগ্রাম অফিসার তাজ উদ্দিন আহমেদ।
এনটিভি প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জামালপুর জেলার নারী উদ্যোক্তা শামীমা খান।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব আবু হেনা মোরশেদ জামান বলেন,‘নকশী কাঁথা জন্ম-জন্মান্তর থেকে দেখে আসছি। আগের মতো নকশী কাঁথার চিত্র নেই। এখন আরও আকর্ষণীয় চিত্র দিয়ে নকশী কাঁথা তৈরি করছেন নকশী শিল্পীরা। ভাল মানের ও আকর্ষণীয় নকশী কাজ হলে ভাল দাম পাওয়া যায়।’
প্রধান অতিথির বক্তব্যে এমপি পীর ফজলুর রহমান মিসবাহ বলেন,‘বেকার মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে নকশী কাঁথা তৈরি বাড়াতে হবে। বিভিন্ন ধরণের আকর্ষণীয় চিত্র ও নজরকাড়া নকশী কাঁথা তৈরি করতে পারলে নকশী শিল্পীরা তাদের পণ্য ভাল দামে বিক্রি করতে পারবেন। এই জন্য ভাল প্রশিক্ষণ নিতে হবে নকশী শিল্পীদের।’
গত ২৭ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিন ব্যাপী নকশী শিল্প প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে জামালপুর জেলার ৪টি স্টল এবং সুনামগঞ্জ জেলার ৪টি স্টল অংশ নেয়।