নদীতে নিয়োজিত সেন্ট্রিদের বিরুদ্ধে তাহিরপুরে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরের পাটলাই নদীতে ১৫দিন ধরে ৫ কিলোমিটার নৌ-জট সৃষ্টি হয়েছে। উপজেলার স্থল শুল্ক স্টেশন বড়ছড়া চারাগাঁও ও বাগলী শুল্ক ষ্টেশনে ভারত হতে আমদানীকৃত চুনাপাথর ও কয়লা নৌ-পরিবহনে দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন করে। পাটলাই নদীর নাব্যতা সংকটে গত ১৫ দিন ধরে মাটিয়ান হাওরের হাঁসমারা বিল হতে পুকরার বিল পর্যন্ত প্রায় ৫ কিলেমিটার পর্যন্ত নৌ-পথে বোঝাইকৃত কয়লা ও চুনাপাথর পরিবহন নিয়ে নৌকার মাঝিরা পড়েছেন মারাত্মক বিপাকে। এ অবস্থায় বোঝাইকৃত পিছনের নৌকার সামনে নিতে গিয়ে প্রায়ই নৌকার মাঝিদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। নৌকার মাঝিদের অভিযোগ পাটলাই নদীতে তাহিরপুর কয়লা চুনাপাথর আমদনীকারক গ্রুপের নিয়োগকৃত সেন্ট্রি রয়েছে যারা পাটলাই নদীতে চলাচলকারী কয়লা ও চুনাপাথর পরিবহনকারী নৌকার মালামাল ও মাঝিদের নিরাপত্তা দিবে। কিন্তু তারা তা না করে নদীপথে চলাচলে পিছনের নৌকাকে টাকার বিনিময়ে সামনে নিয়ে যাচ্ছে। এতে করে প্রায়ই নদীতে ঝগড়া বিবাদ সৃষ্টি হচ্ছে।
শুক্রবার সকাল ৮টায় পাটলাই নদীতে নিয়োজিত সেন্ট্রিরা নৌকার মাঝিদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মারধর করে। এতে আহত হন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার খলিল মিয়া ও তাজ উদ্দিন। তারা উভয়েই তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এমন ঘটনার প্রতিবাদে পাটলাই নদীর নৌকার মাঝিরা একত্রিত হয়ে সেন্ট্রিদের বিচার ও চাঁদাবাজি বন্ধের দাবিতে তাহিরপুর বাজারে একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিল সহকারে তারা তাহিরপুর থানায় যেতে চাইলে মিছিলকারীদের উপর পুলিশ ধাওয়া ও লাঠি চার্জ করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। তবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।


মিছিলে নেতৃত্বদানকারী সুনামগঞ্জ জেলা নৌযান শ্রমিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, পাটলাই নদীতে সেন্ট্রিদের চাঁদাবাজি বন্ধের দাবিতে আমরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে তাহিরপুর থানায় যেতে চেয়েছিলাম। কিন্তু পুলিশের ধাওয়ায় আমাদের মিছিলের অংশগ্রহণকারী লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়।
পাটলাই নদী তীরবর্তী সুলেমানপুর গ্রামের বাসিন্দা ফজলুল হক বলেন, পাটলাই নদীতে তাহিরপুর কয়লা চুনাপাথর আমদানীকারক সমিতির নিয়োজিত সেন্ট্রিরা অন্যায়ভাবে বাজিতপুরের নৌকার মাঝিদের মারধর করেছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার বলেন, নৌ-যান মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে থানায় আলোচনায় বসছি।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন,গত ১৫দিন ধরে পাটলাই নদীতে নাব্যতা সংকটে দীর্ঘ নৌ-জটের সৃষ্টি হয়েছে। তা নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।