ছাতক ও দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে পুনঃনির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। নির্বাচনী তফশীল অনুযায়ীআগামী ৩১ অক্টোবর চেয়ারম্যান পদে পুনঃ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী ৬ অক্টোবর মনোনয়নপত্র দাখিল, ১৩ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ১৪ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে। বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে আগামী ১৫ অক্টোবর। গত ২৬ জুন নব-নির্বাচিত চেয়ারম্যান একেএম আইয়ুবুর রহমান রহমানীর মৃত্যু হলে নরসিংপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য হয়। আইয়ুবুর রহমান রহমানী স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্বভার গ্রহণের আগেই মারা যান। পুনঃ নির্বাচনে চেয়ারম্যান পদে ডজন খানেক প্রার্থী বর্তমানে প্রচারণায় রয়েছেন মাঠে। এর মধ্যে সরকারদলীয় প্রার্থীর সংখ্যাই বেশী। বিগত নির্বাচনে দলীয় প্রতীক পেয়েও যারা পরাজিত হয়েছেন তারাও পুনঃনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।
সরকার দলীয় প্রার্থীর মধ্যে নুর উদ্দিন আহমদ, মতকিন আলী, কামরুজ্জামান, মইন উদ্দিন, নুরুল আমিন, আব্দুর রশীদ, বিএনপির সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু, বিএনপি নেতা শফিকুল ইসলাম ময়না ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলী রয়েছেন নির্বাচনী মাঠে। এর মধ্যে সামছুল হক নমু, কামরুজ্জামান ও আব্দুর রশিদ বিগত নির্বাচনেও প্রার্থী ছিলেন। দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে সামছুল হক নমু আবারো প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে তার কর্মি-সমর্থকরা দাবী কজরছেন। তবে নৌকার কান্ডারী এখনো নির্ধারিত না হওয়ায় প্রতীকলাভে লবিং চালিয়ে যাচ্ছেন সরকার দলীয় প্রার্থীরা। ৪৮টি গ্রাম ও ৪টি বাজার নিয়ে নরসিংপুর ইউনিয়ন গঠিত। ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রে প্রায় ১৮ হাজার ভোটার আগামী ৩১ অক্টোবর পুনঃ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।


