স্টাফ রিপোর্টার
‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং যুব ঝণ ও যুব কল্যাণের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত জেলা প্রশাসক আইনুন আক্তার পান্না’র নেতৃতে র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবুল হোসেন মিলনায়তনে এসে শেষ হয়। র্যালি শেষে জাতীয় যুব দিবস ২০১৭ এর উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
জেলা যুব উন্নয়নের উপ পরিচালক মো. হারুন অর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি যুবদেরকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানে নিয়োজিত হওয়ার জন্য অনুপ্রাণিত করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার বরকতুল্লা খান, সিভিল সার্জন আশুতোষ দাশ, সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. শামছুল আলম, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর শওকত ওসমান শামীম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহের হোসেন প্রমুখ।
এছাড়াও প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, আমিনা বেগম এবং যুব সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সৃষ্টি যুব জাগরণ সংস্থার সভাপতি তৃষ্ণা আক্তার রোশনা, আরডিএসএ’র নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার। এসময় জেলায় জাতীয় পদক প্রাপ্ত শহিদুল ইসলাম মাসুক ও মো. মিজানুল হক সরকার কে ক্রেস্ট প্রদান করা হয়।


