পদোন্নতি পাচ্ছেন সাড়ে পাঁচ হাজার শিক্ষক

সু.খবর ডেস্ক
সিনিয়র শিক্ষক পদ তৈরি করে সাড়ে পাঁচ হাজার শিক্ষককে পদোন্নতি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়াও নতুন করে আরও দুই হাজার ১৫০ জন শিক্ষক নিয়োগ করা হবে বলেও জানান তিনি।
দেশে কর্মরত ১৫টি শীর্ষস্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘নিরাপদ ইশকুলে ফিরি’ শীর্ষক ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। বুধবার দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ অনু্ষ্ঠান হয়।
ডা. দীপু মনি বলেন, ‘আমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষকের সংখ্যা ৫ লাখ ৭৫ হাজার ৪৩০। পৃথিবীর অনেক দেশ আছে তাদের পুরো জনসংখ্যা এরচেয়ে কম। শিক্ষার্থী এক কোটি ৫ লাখ। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ১৫ হাজার ৫২৪ জন আর শিক্ষার্থী ৪০ লাখ ৮৫ হাজার ২৯১। পৃথিবীর খুব কম দেশ পাওয়া যাবে যেখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রায় ৫ মিলিয়ন।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘সিনিয়র শিক্ষক পদ ছিল না। সেটার ব্যবস্থা করে আমরা প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষককে পদোন্নতি দিতে যাচ্ছি। এছাড়া নতুন করে দুই হাজার ১৫০ জন শিক্ষক নিয়োগ হতে যাচ্ছে।’

এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ, ইউনিসেফের বাংলাদেশের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ভিরা মেনডোকা, ক্যানাডা হাই কমিশনের গেড অফ এইড ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্স ফেন্দ্রা মুন মরিস উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্য দেন সেভ দ্য চিলডেনস এর কান্ট্রি ডিরেক্টর ভ্যান মানেন প্রমুখ।
সূত্র : ঢাকাটাইমস