ইয়াকুব শাহরিয়ার, পাগলাবাজার
এবার আর ভোটের জন্য নয়, পশ্চিম পাগলায় ভোট দিয়ে বিজয়ী করায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার পদে বিজয়ী ব্যক্তিরা। পাড়ায় পাড়ায় ঘুরে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চেয়ারম্যান পদে বিজয়ী নুরুল হক। যাকে সামনে পাচ্ছেন তাকেই জড়িয়ে ধরে কুশল বিনিময় করে কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
তিনি জানান, ‘ফলাফল প্রকাশের পর বর্তমান চেয়ারম্যান আমার বড় ভাই জগলুল হায়দারের সাথে দেখা করে সার্বিক কাজে তার কাছে সাহায্য সহযোগিতা কামনা করেছি। তিনিও আমাকে আশ্বস্থ করেছেন সব ধরনের সহযোগিতার। এছাড়া এলাকাতেও যাচ্ছি।’
প্রতিটি ওয়ার্ডের সাধারণ সদস্য পদের বিজয়ীরা কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তারাও যাচ্ছেন ভোটারদের দরজায়।
৪নং ওয়ার্ডের বিজয়ী সদস্য আব্দুল হান্নান বলেন, ‘যারা আমাকে ভোট দিয়ে মেম্বার বানিয়েছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ। তাই তাদের কাছে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছি।’
১নং ওয়ার্ডের পুনরায় বিজয়ী আলী আহমদ বলেন, ‘ভোটারদের ভালবাসি বলেই তারা আবার ভোট দিয়েছে। সব সময়ই তাদের কাছে যাই।’
৬নং ওয়ার্ডের মেম্বার রন্জিত সূত্রধর বলেন, ‘সাধারণ মানুষের পাশে আছি বলেই তারা আমাকে পূনরায় নির্বাচিত করেছেন। সবার সাথে দেখা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছি।’
৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে বিজয়ী মিলন বিবি বলেন, ‘আমি সবার কাছে যাচ্ছি। আমাকে ভোট দেওয়ায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।’
শত্রুমর্দন(বাঘের কোনা) গ্রামের প্রবীণ মুরব্বী নসীব আলী বলেন, ‘বিজয়ী হওয়ার পর মানুষতো ভুলে যায়। পাঁচ বছর পর আবার ভোটের জন্য আসে। নুরুল হক যেভাবে আসছেন, তা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।’


