পুলিশের চোখে তিনি পলাতক! জামালগঞ্জে বহাল তবিয়তে আছেন বিশেষ ক্ষমতা মামলার আসামী

জামালগঞ্জ অফিস
পুলিশের খাতায় তিনি পলাতক আসামী হলেও জামালগঞ্জে বহাল তবিয়তে আছেন সরকারি চাল পাচারকারী উপজেলা বিআরডিবির পজীপের কর্মকর্তা আব্দুস সালাম। অসহায় গরীব দুস্থদের সরকারি ভিজিডির ২০ বস্তা চাল সরকারী কোয়াটার রাঙ্গিয়া ভবনের দোতলার তার নিজ বাসা থেকে উদ্ধার করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা ও থানার অফিসার ইনর্চাজ আতিকুর রহমান।
প্রথমে সরকারি চালগুলো জব্দ ও পরে সরকারী এই কর্মকর্তার বিরুদ্ধে জামালগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়। মামলার পর পর কয়েকদিন গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়ালেও বর্তমানে তিনি জামালগঞ্জ উপজেলা সদরে থেকে নিযমিত অফিস করছেন ও জামালগঞ্জ বাজারে চলাফেলা করছেন। বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী কিভাবে উপজেলা সদরে অবস্থান করেন বিষয়টি নিয়ে       
জামালগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় আলোচনা আর সমালোচনা হচ্ছে।
জামালগঞ্জ উপজেলা সদরের কলেজ রোডের একাধিক বাসিন্দা জানান, পজীপের সালাম সাহেব তো অনেক দিন ধরেই জামালগঞ্জ আছেন। অফিস করছেন, বাজারেও চলাফেরা করছেন। মামলার আসামী কি করে জামালগঞ্জে তার সরকারী বাসায় থাকেন? উল্টো এই প্রশ্ন করে এ প্রতিনিধির কাছে জানতে চেয়েছেন তিনি।
এ বিষয়ে জামালগঞ্জ থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন,‘সরকারি চাল কেলেংকারীর ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলাটি তদন্তাধীন আছে। আসামী জামালগঞ্জ সদরে অবস্থান করলে তাকে গ্রেফতার করা হবে।’