ইয়াকুব শাহরিয়ার, পাগলাবাজার
দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলায় ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতীক পাওয়ার পর ইতোমধ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। প্রচার মাইক, ব্যানার, ফেস্টুন আর পোস্টারে ছেয়ে গেছে পুরো ইউনিয়ন।
প্রার্থীরা ভোটারদের সাথে কথা বলে, ভোট চেয়ে, গণসংযোগ আর সভা করে ব্যস্ত সময় পাড় করছেন। ভোটরদের বাড়ি বাড়ি গিয়ে ভোটও চাইছেন। প্রতিশ্রুতি দিচ্ছেন, সমস্যা চিহ্নিত করে সমাধানের আশ্বাস দিচ্ছেন। এ ইউনিয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭জন চেয়ারম্যান প্রার্থী। তবে স্থানীয় ভোটাররা বলছেন লড়াই হবে চতুর্মুখী।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফয়জুল করিম (নৌকা), বিএনপির আবু তাহের (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মো. মাসুক মিয়া (আনারস), বিএনপির বিদ্রোহী প্রার্থী আক্তার হোসেন (চশমা) খেলাফত মজলিশ বাংলাদেশ সমর্থিত প্রার্থী মাও. ছমির উদ্দিন (রিকশা), স্বতন্ত্র প্রার্থী আমিরুল বেগ (মোটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী আক্কাস খান (ঘোড়া) প্রতীকে লড়ছেন।
তবে ৭জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ফয়জুল করিম, বিএনপির প্রার্থী আবু তাহের, বিএনপির বিদ্রোহি প্রার্থী আক্তার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মাসুক মিয়ার মাঝে
লড়াই হতে পারে বলে ধারণা করছেন এলাকার সাধারণ ভোটাররা।
যতই নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই এ ইউনিয়নের ভোটাররা চার ভাগে বিভক্ত হয়ে প্রচারণা আরো জোরদার করেছেন। নিজ নিজ পছন্দের প্রার্থীদের নিয়ে এলাকায় ঘুরছের। ভোট সংগ্রহে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। ভোটাররা চাইছেন তাদের ইউনিয়নে একটি সুষ্ঠু নির্বাচন হোক।


