প্রতাপ রঞ্জন ধামাইল উৎসব উৎসব আগামী রবিবার

শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে অসংখ্য ধামাইল গানের স্রষ্টা প্রতাপ রঞ্জন তালুকদার ধামাইল উৎসব। বৃহত্তর সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী ধারার ধামাইল গান উৎসবের আয়োজন করেছে প্রতাপ রঞ্জন ধামাইল উৎসব উদযাপন কমিটি। এতে সার্বিক সহযোগিতা করবে প্রতাপ রঞ্জন স্মৃতি পরিষদ শান্তিগঞ্জ উপজেলা শাখা। আগামী রবিবার দিনব্যাপী এ উৎসব পালন করা হবে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামে।
অনুষ্ঠানে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও সিলেট জেলার স্বনামধন্য ধামাইল দল অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন অনুষ্ঠানের সমন্বয়ক জয়ন্ত কুমার সরকার।
তিনি বলেন, প্রথমবারের মতো প্রতাপ রঞ্জন ধামাইল উৎসব করতে যাচ্ছি আমরা। উৎসবে আমাদের জেলার শান্তিগঞ্জের লোকদল ধামাইল সংঘ, সুর ঝংকার ধামাইল সংঘ, নিপা ও তার ধামাইল দল, দিরাইর কালনীর কূলে ও পিয়াইন ধামাইল সংঘ, হবিগঞ্জের সারেগামা ধামাইল সংঘসহ জেলার বিভিন্ন ধামাইল সংঘ এ উৎসবে অংশগ্রহণ করবেন।
এছাড়াও উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে (রবিবার, সকাল ১০টায়) সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপ—পরিচালক জাকির হোসেন, শান্তিগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ্ জামান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবদাস চৌধুরী রঞ্জনসহ আরো অনেকে উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রতাপ রঞ্জন স্মৃতি পরিষদ শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি জয়ন্ত তালুকদার পুল্টন ও সাধারণ সম্পাদক শ্যামল দেব বলেন, প্রতাপ রঞ্জন তালুকদার একজন গুণি গীত লেখক। তিনি অসংখ্য জনপ্রিয় ধামাইল গীত (গান) লিখেছেন। আমরা তার সৃষ্টি কর্মকে সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।