প্রশাসনে ৫৩৬ কর্মকর্তার পদোন্নতি- যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার
যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রবিবার প্রশাসনের ৫৩৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে এ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত সচিব পদে ১৪৫ জন, যুগ্মসচিব পদে ১৮৬ জন এবং উপসচিব পদে ২০৫ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ  
সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) নিয়োগ করা হয়েছে। উপসচিব পদে ২১তম ব্যাচ, যুগ্মসচিব পদে ১১তম ব্যাচ ও অতিরিক্তসচিব পদে ১৯৮৬’র ব্যাচের কর্মকর্তাদের বিবেচনায় নেয়া হয়েছে। এছাড়া প্রতিটি স্তরে পদোন্নতির ক্ষেত্রে লেফট আউট (অতীতে পদোন্নতি পাননি) কর্মকর্তাদের বিবেচনা করা হয়েছে।
শেখ রফিকুল ইসলাম বিসিএস ১১ ব্যাচের একজন কর্মকর্তা। ১ এপ্রিল ১৯৯৩ সালে সহকারী কমিশনার হিসেবে তিনি মুন্সীগঞ্জ কালেক্টরেটে যোগদান করেন। দীর্ঘ চাকুরী জীবনে তিনি সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, উপ-পরিচালক (স্থানীয় সরকার) সহ মাঠ প্রশাসনের প্রতিটি শাখায় কাজ করেছেন সুনাম ও দক্ষতার সাথে।
গত ২ জুলাই ২০১৪ সালে সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন তিনি। গত দ্ইু বছরে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, কৃষি, তথ্য প্রযুক্তিসহ নানা ক্ষেত্রে তিনি ব্যাপক কাজ করেছেন। তথ্য প্রযুক্তিতে তার অবদানের জন্য তিনি সিলেট বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন। এছাড়াও প্রাথমিক শিক্ষায় তার অবদানের জন্য ২০১৬ সালে তিনি সিলেট বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন।