স্টাফ রিপোর্টার
গত ৪ জুলাই বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৭ , ৮ ও ৯ নং সংরক্ষিত আসনের ইউপি সদস্যা পদে অনুষ্ঠিত নির্বাচনে পুনরায় ভোট গণনার দাবি উঠেছে। ইউনিয়নের মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে প্রাপ্ত ভোট গণনার দাবি জানিয়েছেন বর্তমান ইউপি সদস্যা স্মৃতি রাণী দে। ওই কেন্দ্রের ভোট পুন গনণার দাবিতে তিনি গত ১২ জুলাই হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছেন। (পিটিশন নম্বর-৮৪৬১/২০১৬) আদালত পিটিশন গ্রহণ করে ৪ সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া ও জবাব দেয়ার জন্য গত ১৯ জুলাই রুল জারি করেন।
পিটিশনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, সুনামগঞ্জ জেলা প্রশাসক, জেলা রিটার্নিং অফিসার, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাচন অফিসার ও
ফতেপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত নিটার্নিং অফিসারকে বিবাদী করা হয়েছে। আদালত রুলে বিবাদী পক্ষকে ৪ সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য রুল জারি করেন।
ফতেপুর ইউনিয়ন পরিষদের ৭ , ৮ ও ৯ নং সংরক্ষিত আসনের বর্তমান ইউপি সদস্যা স্মৃতি রাণী দে শনিবার লিখিতভাবে জেলা প্রশাসক ও ১৭ জুলাই বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাচন অফিসার ও ফতেপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত নিটার্নিং অফিসারকে হাউকোর্টের রুলের কাগজ প্রদান করেছেন। জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদনে স্মৃতি রাণী দে উল্লেখ করেছেন তাকে পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে। এর পেক্ষিতে তিনি হাইকোর্টে রিট পিটিশন করেছেন।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাচন অফিসার ও ফতেপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার বেলাল আহমদ বলেন,‘স্মৃতি রাণী দে’র হাইকোর্টে দাখিল করা কাগজপত্র ও নির্দেশনা আমি গ্রহণ করেছি। ওই ভোট কেন্দ্রের ভোট গ্রহণ ও ভোট গণনার সকল তথ্য উপাত্ত আমি কর্তৃপক্ষের মাধ্যমে পাঠাব। এর বেশী আমার কিছু করার নেই।’
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন,‘ ফতেপুর ইউনিয়নের কোন ইউপি সদস্যার পক্ষে উচ্চ আদালতের কোন নির্দেশনা আমার হাতে এসে পৌঁছেনি। এ ধরনের কোন নির্দেশনা পাওয়া গেলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
- সরকারি কর্মকর্তার বাসা থেকে রিলিফের চাল উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু
- শাল্লার রাস্তা টঙ্গী দোকানের দখলে, নিরব প্রশাসন


