লন্ডন প্রতিনিধি
জাতির জনকের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণই ছিল স্বাধীনতার প্রকৃত ঘোষণা। এর মাধ্যমে বঙ্গবন্ধু জাতিকে যুদ্ধের জন্যে প্রস্তুত হওয়ার আদেশ প্রদান করেন। তিনি দীপ্ত কণ্ঠে বলেছিলেন ‘আমি যদি হুকুম দিবার না-ও পারি তোমার যার যা কিছু আছে তা নিয়ে রুখে দাঁড়াও শত্রুর মোকাবেলা কর, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার এই ভাষণের পরই ৮ তারিখ থেকে দেশব্যাপী সাধারণ মানুষ যুদ্ধের প্রস্তুুতি নিতে থাকে, এটাই সত্য এবং প্রকৃত ইতিহাস। বঙ্গবন্ধুর এই ভাষণটির বিভিন্ন দিক রয়েছে, এনিয়ে বিশ্বব্যাপী আরো গবেষণা হবে, অনেকই এর উপর পিএইচডি করবে। তার এই ভাষণের প্রতিটি শব্দই গবেষণার দাবি রাখে। তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।
জাতির জনকের ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ায় বঙ্গবন্ধু লেখক, সাংবাদিক ফোরাম গ্রেটার লন্ডন শাখা আয়োজিত আনন্দ সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু বিশ্ব দরবারে আমাদের জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছেন, এনে দিয়েছেন স্বাধীনতা। বঙ্গবন্ধুর কারণে আমরা পেয়েছি স্বাধীনতা এবং আমাদের জাতীয় পরিচয়। বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং স্বাধীনতা একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা কোন দিনই বাঙালি হিসেবে পরিচয় দিতে পারতাম না। বুধবার পূর্ব লন্ডনের মক্কাগ্রীল রেস্টুরেন্টে আয়োজিত আনন্দ সভার শুরুতে একে অন্যকে মিষ্টি মুখ করান বঙ্গবন্ধু লেখক, সাংবাদিক ফোরামের যুক্তরাজ্য ও লন্ডন শাখার নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধু লেখক, সাংবাদিক ফোরাম গ্রেটার লন্ডন শাখার সভাপতি বাতিরুল হক সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আনসার আহমেদ উল্লাহ, প্রবীণ সাংবাদিক মতিয়ার চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার এনামুল হক।
সভায় বক্তব্য রাখেন, গ্রেটারলন্ডন শাখার সহসভাপতি নারীনেত্রী নাজমা হোসেন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সায়াদ আহমদ সাদ, সোনার তরি’র যুগ্ম আহবায়ক ও কন্ঠশিল্পী রুমি হক, বঙ্গবন্ধু ইয়াং রাইটার্স ফোরামের সভাপতি সেজুতি মনসুর, বঙ্গবন্ধু লেখক-সাংবাদিক ফোরাম লন্ডন শাখার সহ- সভাপতি ছড়াকার সৈয়দ হিলাল সাইফ, সহ সভাপতি লেখক নূরুন্নবী আলী, সদস্য আনহার মিয়া, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য শাহ রাসেল এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দের মধ্যে মিসবাহ মাসুম, দুলাল আহমেদ, এনামুল হক, সাইফুল আলম লিটন ও রবিউল হাসান ভূঁইয়া প্রমুখ।


