বন্ধ হচ্ছে না বাল্য বিয়ে- কেসস্টাডি : তাহিরপুর

স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করা যাচ্ছে না। বিশেষ করে উপজেলার সীমান্ত অঞ্চলে এখনো অনেক মেয়ের বাল্যবিবাহ হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি শেষ করার আগেই ওখানকার মেয়ে শিশুদের কারো কারো বিয়ে হয়ে যাচ্ছে।
ব্যতিক্রম ছাড়া বিয়ে হওয়া এ সকল মেয়েদের প্রায় সবাই বিদ্যালয় থেকে ঝরে পড়ছে। তবে ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে বাল্যবিয়ের বিষয়ে আগের চেয়ে এলাকাবাসীর সচেতনতা বেড়েছে। এলাকার সচেতন লোকজন জানিয়েছেন, সীমান্ত অঞ্চলকে বাল্যবিবাহমুক্ত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগ আরো জোরদার করা দরকার।’
উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্রীদের ওপর দৈনিক সুনামগঞ্জ খবর পত্রিকা থেকে একটি অনুসন্ধান চালানো হয়। জেলার তাহিরপুর উপজেলার একপ্রান্তে দুর্গম ভারতের মেঘালয় সীমান্তে অবস্থিত ওই মাদ্রাসায় গত বছরের এপ্রিল থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালে চলা বাল্যবিবাহের বিষয়ে এ অনুসন্ধান চলে। এই সময়ে ওই মাদ্রাসার ৮ জন ছাত্রীর বাল্যবিবাহের তথ্য পাওয়া যায়। মাদ্রাসার সুপার নিজেই ওই ইউনিয়নের বিবাহ নিবন্ধক (কাজী) হিসাবে দায়িত্ব পালন করছেন।
অনুসন্ধানে বাল্য বিবাহের কারণ সম্পর্কে জানা যায়, অভিভাবকদের নানা ধরনের অসচেতনতা ও কুসংস্কার, পারিবারিক আর্থিক   অস্বচ্ছলতা , দীর্ঘদিন  ধরে চলে আসা সামাজিক প্রথা, বাল্যবিবাহ রোধে কার্যকর সামাজিক সচেতনতামুলক উদ্যোগ গ্রহণ না করা।
জানা যায়, গত বছরের ২৯ সেপ্টেম্বর তাহিরপুর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। ওই ঘোষণার পর দিন ছিল ৩০ সেপ্টেম্বর শুক্রবার। সেদিনই ব্যাপক আয়োজনে ইউনিয়নের চারাগাঁও মাঝহাটি গ্রামের ব্যবসায়ীর মেয়ে শাহানা আক্তারের বিয়ে হয়। শাহানা কলাগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী। তবে মেয়ের পরিবার বলছে বিয়ের সময় তাঁর বয়স ১৭ বছর ৬ মাস ছিল। বিয়ের পর সে স্বামীকে সঙ্গে নিয়ে গত বছর অক্টোবর মাসে অনুষ্ঠিত জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছে এবং পরীক্ষায় পাস করেছ। ১৪ অক্টোবর বিয়ে হয় মাদ্রাসাটির ৭ম শ্রেণীর ছাত্রী কলাগাঁও মাদ্রাসা সংলগ্ন বাড়ির বাবুল মিয়া ও আছিয়া বেগমের মেয়ে শাপলা আক্তারের। সে ২০১৪ সালে মাদ্রাসাটির ইবতেদায়ি শাখা থেকে পাশ করেছে। ইবতেদায়ি পরীক্ষায় শাপলা আক্তারের রোল নং ছিল ম-২৬। মাদ্রাসা সংলগ্ন আরেকটি বাড়ির কালা চাঁন ও হাবিবা বেগমের মেয়ে মাদ্রাসাটির ৯ম শ্রেণীর ছাত্রী বিলকিস আক্তারের বিয়ে হয় জুলাই মাসে। চারাগাঁও মাঝহাটি গ্রামের জালাল উদ্দিন ও রাশিদা বেগমের মেয়ে মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী সুরুজ বানুর বিয়ে হয় এপ্রিল মাসে। একই গ্রামের জসীম উদ্দিন ও সুলেনা বেগমের মেয়ে মাদ্রাসাটির ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী রেশমা বেগমের বিয়ে হয় মে মাসে। রেশমা ওই মাদ্রাসাটি থেকে ২০১৫ সালে ইবতেদায়ি পরীক্ষায় উত্তীর্ণ হয়। ওই পরীক্ষায় তার রোল নম্বর ছিল ম-৪৮। একই গ্রামের আবুল কাশেমের মেয়ে মাদ্রাসাটির ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী মালেকা আক্তারের বিয়ে হয় আগস্ট মাসে। আর আকরাম হোসেন ও রাবেয়া বেগমের মেয়ে মাদ্রাসাটির নবম শ্রেণীর ছাত্রী আফরোজা বেগমের বিয়ে হয় আগস্ট মাসের শেষের দিকে। ৩০ ডিসেম্বর কলাগাও প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জসীম উদ্দিন ও হাজেরা বেগমের মেয়ে আকলিমা বেগমের বিয়ে হয় । সে ২০১৬ সালে ওই মাদ্রাসাটির পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল। তবে ইবতেদায়ি পরীক্ষায় অংশগ্রহণ করেনি।
বিদ্যালয়ের এ সকল ছাত্রীদের বিয়ে নিবন্ধনের জন্য ১৮ বছর করে জন্মনিবন্ধন সার্টিফিকেট দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে এদের কারোরই ১৮ বছর বয়স ছিল না।
এ বিষয়ে ওই মাদ্রাসার সুপার ও উত্তর শ্রীপুর ইউনিয়নের বিবাহ নিবন্ধক (কাজী) আব্দুল মান্নান বলেন,‘আমার ছাত্রদের ১৮ বছর না হলেও অন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ইউপি সদস্যদের সুপারিশে বিয়ের জন্য বয়স ১৮ করে চেয়ারম্যান সাহেবের কাছ থেকে জন্মনিবন্ধন সার্টিফিকেট নিয়ে আসে। আমার বিদ্যালয়ের ছাত্রীদের বিয়ের জন্য এভাবে বয়স বাড়ালেও আমি চ্যালেঞ্জ করি না জনরোষের ভয়ে।’ তিনি আরও বলেন,‘জন্মনিবন্ধনে মেয়ের বয়স ১৮ না হলে মেয়ের বিয়ে নিবন্ধন করি না। তবে জন্মনিবন্ধন থাকলে আমি নিরুপায় হয়ে পড়ি স্থানীয়দের চাপে। বাল্য বিবাহমুক্ত ঘোষণার পর দিন ৩০ সেপ্টেম্বর আমার মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী শাহানা আক্তারের বিয়ে নিবন্ধন করতে চাই নি। কিন্তু জন্মনিবন্ধন এনে চাপ দেওয়ায় আমি বাধ্য হয়েছি।’
ওই মাদ্রাসা সংলগ্ন কলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান বলেন,‘ আমরা স্বাস্থ্যকর্মীদের দেওয়া টিকার কার্ড দেখে জন্মনিবন্ধনের জন্য আবেদন ফরমে প্রত্যয়ন করি। বাল্যবিয়ের জন্য উদ্দেশ্য প্রণোদিত হয়ে কোন আবেদন প্রত্যয়ন করি না।’
বাল্যবিবাহ বিষয়ে কলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু সুফিয়ান বলেন,‘বাল্যবিবাহ বিষয়ে এলাকায় এখন আগের চেয়ে সচেতনতা বেড়েছে। তবে এখানে এ বিষয়ে আরো কিছু সচেতনতামুলক উদ্যোগ নেওয়া প্রয়োজন।’
ইউনিয়নের লাকমা গ্রামের বাসিন্দা দিগ্রেন্দ্র বর্মণ ডিগ্রী কলেজের সমাজ বিজ্ঞান বিষয়ের শিক্ষক আবু সুফিয়ান টিপু বলেন,‘গত বছর আমি সীমান্তবর্তী একটি গ্রামের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর বিয়ে বন্ধের উদ্যোগ নিয়েছিলাম। বিয়েটি ছিল দিনের বেলা। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গ্রাম পুলিশ পাঠিয়ে বিয়েটি বন্ধ করেন। কিন্তু ওইদিন রাতে মেয়ের অভিভাবকরা এই ছাত্রীকে কনে সাজিয়ে শ^শুড়বাড়ি পাঠান। পরবর্তীতে আমি দেখেছি ওই অপ্রাপ্ত বয়স্ক মেয়েটি সন্তান জন্ম দিতে গিয়ে তিনমাস সিলেট ওসামানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন থেকে নিজের জীবন রক্ষা করেছে। কিন্তু পেটের সন্তানকে বাঁচাতে পারেনি।’
উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি আজিজুল ইসলাম বলেন,‘বাল্যবিবাহ রোধে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। অনেক চাপের মুখে থেকেও আমরা বাল্যবিয়ের জন্য প্রয়োজনীয় জন্মনিবন্ধন নিতে আবেদন ফরমে প্রত্যয়ন করি না।’
ইউনিয়নের সংশ্লিষ্ট এলাকার ২নং ওয়ার্ডের ইউপি সদস্য হাছান মিয়া বলেন, ‘ শিক্ষকগণ যখন জন্মনিবন্ধন আবেদন ফরমে প্রত্যয়ন করেন তখন আমি এই ফরমে স্বাক্ষর করি। এই মুহূর্তে আমি ৪/৫টি বাল্যবিবাহ বাধা দিয়ে আটকিয়ে রেখেছি।’
উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক স্বপন কুমার দাশ বলেন, ‘প্রশাসনের কঠোর ভূমিকায় বাল্যবিবাহ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে সামাজিক সচেতনতা বাড়াতে সীমান্ত অঞ্চলে সচেতন নাগরিকদের উদ্যোগে গ্রাম বৈঠক ও উঠান বৈঠক করা প্রয়োজন।’
স্থানীয় বাসিন্দা জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও আইন সহায়তা কেন্দ্র (আসক) বিভাগীয় সহসভাপতি জাবির আহমেদ জাবেদ বলেন,‘ বাল্যবিবাহ প্রতিরোধে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণকে জন্মনিবন্ধন আবেদন প্রত্যয়নের সময় আরো সচেতন হতে হবে। এবং যেখানে সন্দেহ থাকবে ইউপি চেয়ারম্যান সাহেবকে যাচাই বাছাই করে জন্মনিবন্ধন দিতে হবে।’
উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম বলেন, ‘আমি বাল্যবিবাহ রোধে সচেতন রয়েছি। জন্মনিবন্ধন আবেদনে ইউপি সদস্য ও শিক্ষককের দেওয়া প্রত্যয়নের ভিত্তিতে জন্মনিবন্ধন সার্টিফিকেটে স্বাক্ষর করি। জনগণের প্রতিনিধি হিসাবে বাল্য বিবাহরোধে যতটুকু ভূমিকা রাখা যায় সবটুকু প্রচেষ্টা আমার আছে। প্রয়োজনে এই এলাকায়  বিশেষ সচেতনতামুলক কার্যক্রম চালানো হবে।’
তাহিরপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন,‘বাল্যবিবাহ রোধে সবধরনের উদ্যোগ রয়েছে। রাত ও দিনের যখনই বাল্যবিয়ের তথ্য পাই তাৎক্ষণিক বিয়ে বন্ধে উদ্যোগ নেই। উপজেলার সর্বত্রই বাল্যবিবাহ রোধে এনজিও, জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত ও শিক্ষকসহ সবাইকে নিয়ে আমরা সচেতনতামুলক কাজ করছি। এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহরোধে কাজ করছেন।’