বন্যার আশংকা নেই সুনামগঞ্জে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার ৬টি স্টেশনের মধ্যে ৩টি স্টেশনের পানি কমেছে। একটি স্টেশনের অপরিবর্তিত আছে এবং ২টি স্টেশনে পানি সামান্য বেড়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সুনামগঞ্জে এবং ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘন্টায় তেমন বৃষ্টিপাত হয়নি। সকল নদ নদীর পানি কমছে। জেলার বন্যার আশংকা নেই।
এদিকে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল কমায় ছাতক পয়েন্টে পানি কমেছে ১৪ সেন্টিমিটার। বর্তমানে বিপদসীমার ৮০ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে সুরমার পানি।
সুনামগঞ্জ পয়েন্টে ০.১৪ সেন্টিমিটার কমে বিপদসীমার ০.৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে অর্থাৎ ৭.৩১ সেন্টিমিটার উচ্চতায় সুরমা নদীর প্রবাহিত হচ্ছে। দিরাই উপজেলার পুরাতন সুরমা নদীর পানি ০.২০ সেন্টিমিটার বেড়ে ৬.০৮ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমার ০.৪৭ সেন্টিমিটার নিচে। যাদুকাটা নদীর পানি বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা পয়েন্টে ০.২৭ সেন্টিমিটার কমে ৬.০৫ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমার ২ মিটার নিচে রয়েছে।
এছাড়াও জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর পানি ০.০৯ সেন্টিমিটার বেড়ে ৬.৪৯ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। তাহিরপুর উপজেলার পাটনাই নদীর পানির উচ্চতা অপরিবর্তিত রয়েছে, শুক্রবারের মতো ৬.০১ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে পানি।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-১ মামুন হাওলাদার জানান, গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে এবং ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের চেরাপুঞ্জিতে তেমন বৃষ্টিপাত হয়নি। নদ নদীর পানি কমছে। ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি১৪ সেন্টিমিটার কমে বিপদসীমার ৮০ সেন্টিমিটার উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য পয়েন্টেও পানি কমেছে। জেলার বন্যার আশংকা নেই।
গত ২৪ ঘণ্টায় তেমন বৃষ্টিপাত হয়নি উল্লেখ করে তিনি জানান, সুনামগঞ্জের লাউড়েরগড় ও ছাতকে বৃষ্টি হয়নি। শুধুমাত্র সুনামগঞ্জে ২ মিলিমিটার এবং দিরাইয়ে ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রও জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলের প্রধান নদ-নদী সমূহের পানি সমতলে হ্রাস পাচ্ছে। যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।